× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে এলো ডেঙ্গুর প্রথম টিকা, সুযোগ পাবেন ৪ থেকে ৬০ বছর বয়সীরা

ন্যশনাল ট্রিবিউন ডেস্ক:

২১ জুলাই ২০২৬, ২১:০০ পিএম । আপডেটঃ ২১ জুলাই ২০২৬, ২৩:৪০ পিএম

ভারতে প্রথম অনুমোদন পাওয়া জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান তাকেদার ডেঙ্গু প্রতিরোধী ‘কিউডেঙ্গা’ টিকা। ছবি: সংগৃহীত

ভারতে প্রথমবারের মতো প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘তাকেদা’ উৎপাদিত ‘কিউডেঙ্গা’ নামের এই টিকাটি আজ মঙ্গলবার (২১ জুলাই) ভারতের কেন্দ্রীয় ওষুধ মান নিয়ন্ত্রণ সংস্থা (সিডিএসসিও)-র চূড়ান্ত পর্যালোচনার পর অনুমোদন লাভ করে। বার্তা সংস্থা এএফপি জানায়, তিন মাসের ব্যবধানে দুই ডোজে দেওয়াসংক্রান্ত এই টিকাটি ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা গ্রহণ করতে পারবেন। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ নেওয়ার প্রেক্ষাপটে কোটি কোটি মানুষের সুরক্ষায় ভারতের এ সিদ্ধান্তকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ভারতের ড্রাগস অ্যান্ড কসমেটিকস আইন অনুযায়ী, বিশ্বস্ত বৈশ্বিক তথ্য বিশ্লেষণ এবং গুণগত মান, নিরাপত্তা ও সার্বিক কার্যকারিতা কঠোরভাবে পর্যালোচনার পরই কিউডেঙ্গাকে ছাড়পত্র দিয়েছে সিডিএসসিও। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই টিকাটি ডেঙ্গু ভাইরাসের চারটি বিপজ্জনক সেরোটাইপের (DENV-1, DENV-2, DENV-3, DENV-4) বিরুদ্ধেই সমানভাবে সুরক্ষা দিতে সক্ষম।

জাপানি এই ভ্যাকসিনটি ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪২টি দেশে অনুমোদন পেয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) 'প্রি-কোয়ালিফিকেশন' অর্জন করেছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত কিউডেঙ্গার ২ কোটি ৪০ লাখের বেশি ডোজ বিতরণ করা হলেও বড় ধরনের কোনো নিরাপত্তাজনিত প্রতিকূল প্রতিক্রিয়া দেখা যায়নি।

নগরায়ণ, আবহাওয়া পরিবর্তনের তীব্রতা ও ভৌগোলিক বিস্তৃতির কারণে বিশ্বব্যাপী ডেঙ্গুর ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এখন ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে এবং প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ এই মশকবাহিত রোগে আক্রান্ত হন।

ভারতের সরকারি হিসাব মতে, ২০২১ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ১০ লাখের বেশি মানুষের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার ৫০০ জনের। ব্যাপক চাহিদা মেটাতে তাকেদা ভারতের স্থানীয় প্রতিষ্ঠান ‘বায়োলজিক্যাল ই’-এর সঙ্গে যৌথভাবে উৎপাদন বহুগুণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

আন্তর্জাতিক টিকার অনুমোদনের পাশাপাশি ভারত নিজস্ব প্রযুক্তি ও গবেষণায় ডেঙ্গু ভ্যাকসিন তৈরির ক্ষেত্রেও আশাব্যঞ্জক অগ্রগতি অর্জন করেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বায়োটেক প্রতিষ্ঠান 'প্যানাসিয়া বায়োটেক' উদ্ভাবিত ‘ডেঙ্গিঅল’ বর্তমানে তৃতীয় বা শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে।

চলতি ট্রায়াল সফল হলে এবং প্রয়োজনীয় অনুমোদন পেলে এটি হবে বিশ্বের প্রথম এক ডোজে প্রয়োগযোগ্য ডেঙ্গু প্রতিরোধক টিকা। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ও দেশীয় এই দ্বিমুখী পদক্ষেপ কেবল ভারতেই নয়, বরং দক্ষিণ এশিয়ার সার্বিক জনস্বাস্থ্য নিরাপত্তায় এক নতুন আশার আলো সঞ্চার করবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.