যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি: এএফপি
ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে ওয়াশিংটনের সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ ও শান্তি চুক্তি ভেস্তে দিতে খোদ ইসরায়েল সরকারের কিছু সদস্য মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পডকাস্টার জো রোগানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা ওয়াশিংটনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের নীতি ও প্রভাব বিস্তারের তীব্র সমালোচনা করেন।
ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের এই প্রকাশ্য ও নজিরবিহীন সমালোচনা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেতরে মধ্যপ্রাচ্য নীতি এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান গভীর মতপার্থক্যকে সামনে এনেছে। সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “ইসরায়েল সরকারের কিছু সদস্য চান সামরিক অভিযান চলুক। তাই তাঁরা যুক্তরাষ্ট্রকে ওই চুক্তির পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি যে চুক্তির জন্য কাজ করছিলাম, সেটি ভেস্তে দিতে বিদেশি অর্থায়নে প্রচার চালানো হচ্ছে, যাতে মার্কিন জনমত চুক্তির বিরুদ্ধে যায়।”
ইসরায়েলের প্রভাব না থাকলে যুক্তরাষ্ট্র সর্বশেষ ইরান যুদ্ধের সঙ্গে জড়াতো কি না—এমন এক সরাসরি প্রশ্নের জবাবে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স পরিষ্কার ভাষায় বলেন, “হ্যাঁ, আমি তা–ই মনে করি।” তিনি জানান, ইরান যুদ্ধ সম্পর্কে মার্কিন জনমত নিজেদের পক্ষে টানতে এবং ডিজিটাল প্রচার চালাতে ট্রাম্পের নির্বাচনী শিবিরের সাবেক এক ব্যবস্থাপককেও নিয়োগ দেওয়া হয়েছিল। ভ্যান্স অভিযোগ করেন, ইরানের সঙ্গে এই কূটনৈতিক যোগাযোগের উদ্যোগ নেওয়ার কারণে ইসরায়েল-সম্পৃক্ত একটি গোষ্ঠী তাঁকে ব্যক্তিগতভাবেও তীব্র আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে।
এই রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ করে জানিয়েছেন, ভ্যান্স যে ইসরায়েল-সম্পৃক্ত প্রচারণার কথা বলেছেন। তার মূল লক্ষ্য সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) সমর্থকদের প্রভাবিত করা। যুক্তরাষ্ট্রের ইসরায়েল-নীতি নিয়ে ট্রাম্পের নিজস্ব সমর্থকগোষ্ঠীর মধ্যে ক্রমেই মতভেদ বাড়ছে বলেই ভ্যান্স তরুণদের মাঝে ব্যাপক প্রভাবশালী জো রোগানের পডকাস্টকে এই বার্তা দেওয়ার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।
যদিও ভ্যান্স পুনর্ব্যক্ত করেছেন যে তেহরানের পারমাণবিক অস্ত্র থাকার বিরোধী ট্রাম্প প্রশাসন। তবে গোপনে বিদেশি বিপুল অর্থায়নে পরিচালিত এই প্রোপাগান্ডা যুক্তরাষ্ট্রের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি পাওয়ায় গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তিটি ইতিমধ্যেই কার্যত ভেঙে পড়েছে। যার ফলে ভ্যান্সের এই বিস্ফোরক মন্তব্য ওয়াশিংটন ও তেল আবিবের কূটনৈতিক সম্পর্কে আগামী দিনে এক বড় ধরনের টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
