মার্কিন সেনেটে বার্ষিক প্রতিরক্ষা বাজেট বিল পাস ও ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের একতরফা নীতিমালার কড়া সমালোচনা করছেন ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার। ছবি: রয়টার্স
কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছেন—এমন গুরুতর অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের সেনেটে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন (১ লাখ ১৫ হাজার কোটি) মার্কিন ডলারের বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল ঠেকিয়ে দিয়েছেন ডেমোক্র্যাটরা। গত কাল মঙ্গলবার (১৪ জুলাই) ‘ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) শীর্ষক এই ঐতিহাসিক বিলটির ওপর ভোটাভুটিতে তা মুখ থুবড়ে পড়ে। ১০০ সদস্যের সেনেটে বিলটির পক্ষে ৫০ এবং বিপক্ষে ৪৬ ভোট পড়লেও পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬০টি ভোট অর্জনে ব্যর্থ হয় ট্রাম্প প্রশাসন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার মাধ্যমে শুরু হওয়া ইরান যুদ্ধে ট্রাম্পের একতরফা নীতি ও সামরিক ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে এটি ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিরোধ। ডেমোক্র্যাটদের আশঙ্কা, এই বিশাল প্রতিরক্ষা বাজেট অনুমোদন দেওয়ার অর্থ হবে মূলত চলমান ইরান যুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে ট্রাম্পের নীতিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়া। এই ভোটাভুটি এমন এক স্পর্শকাতর সময়ে অনুষ্ঠিত হলো। যখন ট্রাম্প প্রশাসন ইরানের সব বন্দরের ওপর নতুন করে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা আরও তীব্র রূপ নিয়েছে।
ভোটে মূলত দলগত মেরুকরণই স্পষ্ট হয়ে উঠেছে। যেখানে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন কৌশলগত কারণে ‘না’ ভোট দেওয়া ছাড়া বাকি প্রায় সব রিপাবলিকান বিলের পক্ষে অবস্থান নেন। সেনেটে ডেমোক্র্যাটিক দলের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প কোনো অনুমোদন, কোনো কৌশল ছাড়া এবং এই রক্তক্ষয়ী যুদ্ধ থেকে বের হওয়ার কোনো পরিকল্পনা ছাড়াই সম্পূর্ণ নিজের ইচ্ছায় মার্কিন বাহিনীকে যুদ্ধে ঠেলে দিয়েছেন।”
ইরান যুদ্ধ ছাড়াও ডেমোক্র্যাটদের অভিযোগ, সাধারণ মার্কিনিদের সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচির বাজেট কাটছাঁট করে ট্রাম্প প্রশাসন মোট সামরিক ব্যয় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার বিপজ্জনক চেষ্টা চালাচ্ছে। এই ঘাটতি মেটাতে ট্রাম্প ডেমোক্র্যাটদের সমর্থন এড়িয়ে ‘বাজেট সমন্বয় প্রক্রিয়া’র মাধ্যমে আরও ৩৫ হাজার কোটি ডলার অনুমোদনের জন্য কংগ্রেসের কাছে আবেদন করেছেন। পাল্টা বক্তব্যে রিপাবলিকান নেতা জন থুন বলেন, "এই বিল আমাদের সামরিক বাহিনীকে আজ এবং আগামী দিনের যেকোনো হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত রাখার নিশ্চয়তা দিত।"
বিগত ছয় দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর কোনো বাধা ছাড়াই পাস হয়ে আসা এনডিএএ বিলটি এবার প্রথমবার বড় ধরনের ধাক্কা খেল। তবে এর মাধ্যমে বিলটির ভবিষ্যৎ পুরোপুরি শেষ হয়ে যায়নি। নিয়ম অনুযায়ী প্রতিনিধি পরিষদ ও সেনেটের পৃথক সংস্করণের পর উভয় পক্ষের ‘আর্মড সার্ভিসেস কমিটি’র আপস-মীমাংসার মাধ্যমে চূড়ান্ত বিলটি পুনরায় ভোটের জন্য তোলা হবে। তদুপরি, এই প্রতিরক্ষা বাজেট ঘিরে ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল চলমান ইরান যুদ্ধের গতিপ্রকৃতি ও মার্কিন ভূরাজনৈতিক নীতিকে দীর্ঘমেয়াদে গভীর অনিশ্চয়তার মুখে ফেলে দিল।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
