নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর বিশ্বনেতা ও সদস্য দেশগুলোর প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: জাতিসংঘের ওয়েবসাইট
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বৈশ্বিক পরাশক্তি চীন, ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে অভিনন্দন জানিয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের এই নেতৃত্বকে স্বাগত জানিয়ে পরাশক্তিগুলো বহুপাক্ষিক সহযোগিতা জোরদার ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ঢাকার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তাঁর এই ঐতিহাসিক সাফল্যের পর দেশগুলো পৃথক অভিনন্দন বার্তা পাঠায়।
নির্বাচনে জয়ী হয়ে ড. খলিলুর রহমান বিদায়ী সভাপতি আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন এবং আগামী এক বছরের জন্য বিশ্বসংস্থার সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তাঁর এই গৌরবময় বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “এই নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থা এবং বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশটির গঠনমূলক ভূমিকারই প্রতিফলন।” চীন আশা প্রকাশ করেছে যে, নবনির্বাচিত সভাপতি সার্বভৌম সমতা বজায় রেখে সংলাপের মাধ্যমে বহুপাক্ষিকতার ভিত্তিকে আরও সুসংহত করবেন।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক অভিনন্দন বার্তায় ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।”
জাতিসংঘের স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপ-প্রতিনিধি রাষ্ট্রদূত ট্যামি ব্রুস। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ড. খলিলুর রহমানের উদ্দেশে তিনি বলেন, “আপনি এমন এক সংকটময় মুহূর্তে এই দায়িত্ব গ্রহণ করছেন, যখন জাতিসংঘকে অবশ্যই দীর্ঘদিনের বিলম্বিত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় নিজের কার্যকারিতা প্রমাণ করতে হবে। সাধারণ পরিষদ এই দুই ক্ষেত্রেই আপনার নিরপেক্ষ নেতৃত্বের ওপর ভরসা রাখবে।”
মার্কিন রাষ্ট্রদূত আরও যোগ করেন যে, সাধারণ পরিষদের দক্ষতা বৃদ্ধি ও মূল বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার জন্য এটি একটি বড় সুযোগ। সফলতার পরিমাপ কেবল ঘোষণার সংখ্যার ওপর ভিত্তি করে নয়, বরং অর্জিত ফলাফলের গুণগত মান দিয়ে করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর বিজয়ের পর তিন পরাশক্তির এমন তাৎক্ষণিক ও ইতিবাচক প্রতিক্রিয়া আন্তর্জাতিক কূটনীতিতে ঢাকার ক্রমবর্ধমান গুরুত্বের বড় প্রমাণ। ভূরাজনৈতিক মেরুকরণের এই যুগে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো বিবদমান শক্তির সমর্থন আদায় করে সাধারণ পরিষদ পরিচালনা করা ড. খলিলুর রহমানের জন্য যেমন বড় সুযোগ, তেমনি এক বিশাল কূটনৈতিক চ্যালেঞ্জও বটে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
