হরমুজ প্রণালি দিয়ে সম্প্রতি ইরানের চোখ ফাঁকি দিয়ে ৭০টি জাহাজ পার করেছে মার্কিন বাহিনী। ছবি: রয়টার্স
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা থমকে থাকার মাঝেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালিতে নিঃশব্দ অভিযান চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী। গত তিন সপ্তাহে ইরানের সামরিক বাহিনীর অগোচরে প্রায় ৭০টি বাণিজ্যিক জাহাজকে অত্যন্ত সন্তর্পণে এই জলপথ পার করিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তেহরানের নজরদারি এড়াতে আধুনিক প্রযুক্তির ছদ্মবেশ ও ওমান উপকূলের বিকল্প রুট ব্যবহার করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযান পরিচালনা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এই চাঞ্চল্যকর তথ্যটি সামনে এনেছে। পারস্য উপসাগরে প্রবেশ ও বের হওয়ার সময় জাহাজগুলো মার্কিন নৌবাহিনীর বিশেষ নিরাপত্তা ও দিকনির্দেশনা গ্রহণ করে।
ইরানি বাহিনীর রাডার ফাঁকি দিতে জাহাজগুলোর সংকেত আদান-প্রদানের বৈদ্যুতিক যন্ত্র ‘ট্রান্সপন্ডার’ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। ফলে সমুদ্রের ওপর জাহাজগুলোর অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয় ইরানের উপকূলীয় প্রতিরক্ষা বাহিনী।
মার্কিন কর্মকর্তারা নিরাপত্তার স্বার্থে পার হওয়া জাহাজগুলোর নাম কিংবা গন্তব্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে একজন কর্মকর্তা স্বীকার করেছেন, "জাহাজগুলো পারাপারের অন্তত একটি রুট ইরানের উপকূলের অত্যন্ত কাছাকাছি ছিল, যা চরম ঝুঁকিপূর্ণ।"
মার্কিন সামরিক কৌশলবিদদের মতে, ইরানের অনুমতি ছাড়া তাদের উপকূলের কাছ দিয়ে জাহাজ চলাচল করা মানেই অবধারিত হামলার মুখে পড়া। ইরানি বাহিনী টের পেলে যেকোনো মুহূর্তে এই জাহাজগুলোর ওপর বোমাবর্ষণ শুরু করতে পারত।
প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, মার্কিন সেন্ট্রাল কমান্ড মূলত ইরান থেকে দূরে ওমানের কাছাকাছি একটি নিরাপদ রুট ব্যবহার করে এই জাহাজগুলোকে পার করে দিচ্ছে।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম প্রধান এই বাণিজ্যিক জলপথে অচলাবস্থা তৈরি হয়। ইরান দীর্ঘ সময় হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখার পাশাপাশি সাগরে মাইন পুঁতে রেখেছিল।
পরবর্তীতে শর্তসাপেক্ষে কয়েকটি দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিলেও ইরান জোরপূর্বক টোল আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিক্রিয়ায় মার্কিন নৌবাহিনীও ইরানের দিকে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপ করেছে।
যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে দিনে গড়ে অন্তত ১০০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত। সেই তুলনায় তিন সপ্তাহে ৭০টি জাহাজের পারাপার একেবারেই সামান্য, যা জলপথটি এখনো স্বাভাবিক না হওয়ার ইঙ্গিত দেয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
