× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেতানিয়াহুর ফাঁদে পা দিয়েছে আমেরিকা: কাতারের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

১২ মে ২০২৬, ২০:০৮ পিএম । আপডেটঃ ১২ মে ২০২৬, ২২:১২ পিএম

কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল-থানি। ফাইল ছবি: রয়টার্স

কাতারের সাবেক প্রধানমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিক শেখ হামাদ বিন জাসিম আল-থানি বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান আগ্রাসন কোনো আকস্মিক উত্তেজনার ফল নয়, বরং মধ্যপ্রাচ্যকে সহিংসভাবে পাল্টে দিয়ে ইসরায়েলের ‘বৃহত্তর ইসরায়েল’ গঠনের দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণের একটি কৌশল। আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনকে এই বিশ্বাস জোগাতে সক্ষম হয়েছেন যে, এই যুদ্ধ হবে সংক্ষিপ্ত এবং মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তেহরানের শাসনব্যবস্থার পতন ঘটবে।

সাক্ষাৎকারে শেখ হামাদ বলেন, নেতানিয়াহু সেই ১৯৯০-এর দশক থেকেই মার্কিন প্রশাসনগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছেন। তিনি ওয়াশিংটনের সামরিক শক্তির ওপর অতি-নির্ভরশীলতার সমালোচনা করে বলেন, “যুক্তরাষ্ট্রের প্রকৃত শক্তি সব সময় বলপ্রয়োগ এড়িয়ে চলার সক্ষমতায় নিহিত ছিল, তা প্রয়োগ করার মধ্যে নয়।”

কাতারের সাবেক এই প্রধানমন্ত্রীর মতে, বর্তমান সংকটের সবচেয়ে বিপজ্জনক দিক হলো হরমুজ প্রণালিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা। ইরান এখন এই জলপথকে তাদের সার্বভৌম ভূখণ্ড মনে করছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য তেহরানের পারমাণবিক কর্মসূচির চেয়েও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ওমানের মধ্যস্থতায় জেনেভায় শুরু হওয়া কূটনৈতিক আলোচনাকে আর মাত্র দুই সপ্তাহ সময় দিলে এই বিপর্যয় এড়ানো সম্ভব হতো। কিন্তু নেতানিয়াহু এই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে প্রতিবেশী আরব দেশগুলোর গভীরে ইসরায়েলের সীমানা সম্প্রসারণের ডানপন্থী এজেন্ডা বাস্তবায়ন করছেন।

উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে শেখ হামাদ ‘গালফ ন্যাটো’ বা একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, “উপসাগরীয় দেশগুলো আর দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার ওপর নির্ভর করতে পারবে না। কারণ ওয়াশিংটন এখন তার কৌশলগত মনোযোগ এশিয়ার দিকে সরিয়ে নিচ্ছে।”

উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে তিনি তেহরানের সঙ্গে একটি খোলামেলা ও বাস্তবসম্মত সংলাপের আহ্বান জানান। পাশাপাশি তুরস্ক, পাকিস্তান ও মিসরের মতো আঞ্চলিক শক্তির সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দেন।

পরিশেষে শেখ হামাদ সতর্ক করেন যে, বর্তমানে মধ্যপ্রাচ্যের যে পুনর্গঠন চলছে, তার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে আগামী কয়েক দশকের মানচিত্র। এই ভূরাজনৈতিক অস্থিরতা সামাল দিতে সম্মিলিত আঞ্চলিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই।


তথ্যসূত্র: আল–জাজিরা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.