× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শান্তিচুক্তির প্রস্তাবে ইরানের সাড়া, মধ্যস্থতা করছে পাকিস্তান

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১১ মে ২০২৬, ০১:২৯ এএম । আপডেটঃ ১১ মে ২০২৬, ০১:৩১ এএম

তেহরানের সড়কে হরমুজ প্রণালি সংলগ্ন একটি গ্রাফিক বিলবোর্ডের পাশ দিয়ে হেটে যাচ্ছেন পথচারীরা। ছবি: রয়টার্স

দীর্ঘ ১০ সপ্তাহের সংঘাতের পর মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ ১৪ দফার প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। রবিবার (১০ মে) তেহরান তাদের লিখিত প্রতিক্রিয়া মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। যদিও ইরানের পক্ষ থেকে দেওয়া উত্তরের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তেহরান যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালিসহ পারস্য উপসাগরের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এবং বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে যে, পাকিস্তানি কর্মকর্তাদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই বার্তা পাঠানো হয়েছে। ইসলামাবাদে নিয়োজিত কর্মকর্তারাও তেহরানের কাছ থেকে ফিরতি জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের কাছ থেকে প্রাপ্ত বার্তার ভিত্তিতে শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, যা দুই দেশের মধ্যে অমীমাংসিত শান্তিচুক্তির বিষয়ে এক নতুন গতির সঞ্চার করতে পারে।

দীর্ঘদিন ধরে চলা এই সংকট নিরসনে উভয় পক্ষই কয়েক দফায় প্রস্তাব আদান-প্রদান করলেও কোনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রস্তাব পাঠালে গত শুক্রবারের মধ্যে জবাব প্রত্যাশা করেছিল হোয়াইট হাউস। কিন্তু নির্ধারিত সময়ে সাড়া না পাওয়ায় এবং গত কয়েক দিনে হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘাত ও পাল্টাপাল্টি ট্যাংকার আটকের ঘটনায় অঞ্চলটি পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে।

শান্তি আলোচনার এই গুরুত্বপূর্ণ মোড় নিয়ে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আইআরএনএকে বলেন, “ইরান আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে। আমরা যুদ্ধের সমাপ্তি এবং পারস্য উপসাগরের সার্বভৌম নিরাপত্তার ওপর জোর দিচ্ছি।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। যুদ্ধের ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় উভয় পক্ষ অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এরপর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ ম্যারাথন বৈঠক হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

বিশ্লেষকদের মতে, আগামী কয়েক দিন বিশ্বরাজনীতির জন্য অত্যন্ত সংকটময়। ইরানের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র কীভাবে পরবর্তী পদক্ষেপ নেয় এবং দ্বিতীয় দফার আলোচনার দিনক্ষণ চূড়ান্ত করে, তার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের স্থায়ী পরিসমাপ্তি।


তথ্যসূত্র: এএফপি ও রয়টার্স

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.