চেন্নাইয়ের লোকভবনে শনিবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে (ডানে) জোটের সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের দাবি জানান থালাপতি বিজয় (বামে)। ছবি: এএনআই
ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে আগামীকাল রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে সকাল ১০টায় এই বর্ণাঢ্য শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আজ শনিবার নিশ্চিত করেছে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের কার্যালয় লোকভবন। বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ রাজ্যপালের সঙ্গে বিজয়ের বৈঠকের মধ্য দিয়ে সরকার গঠনের সব বাধা দূর হয়েছে।
বিজয় নেতৃত্বাধীন নবগঠিত দল ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে) গত সোমবারের নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের ‘ম্যাজিক ফিগার’ ১১৮ থেকে কিছুটা দূরে ছিল তারা। আজ বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ায় জোটের শক্তি ১২০ আসনে উন্নীত হয়, যা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি।
ভিসিকের বিধানসভা দলনেতা ভান্নি আরাসু স্বাক্ষরিত সমর্থনপত্রে বলা হয়েছে, "তামিলনাড়ুতে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করার লক্ষ্যেই আমরা থালাপতি বিজয়কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" আজ দুপুরে লোকভবনে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও সিপিআই (মার্ক্সবাদী)-এর সমর্থনপত্রও রাজ্যপালের কাছে জমা দেন বিজয়। এর পরপরই রাজ্যপাল তাঁকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই চেন্নাইজুড়ে টিভিকে সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিজয় তাঁর সমর্থকদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় বলেন, “উল্লাস শুরু করো।” উল্লেখ্য, অভিনেতা থেকে পুরোদস্তুর জননেতা হয়ে ওঠা বিজয়ের এই শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর তাঁর পূর্বনির্ধারিত কেরালা সফর পর্যন্ত বাতিল করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, থালাপতি বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের ১৪ দিনের মধ্যে তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে। তামিলনাড়ুর দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দলের জোট মিলে সরকার গঠন করতে যাচ্ছে, যা রাজ্যটির রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আগামীকালের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে চলচ্চিত্র ও রাজনীতি জগতের বহু বিশিষ্ট ব্যক্তির সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই সরকারের হাত ধরে তামিলনাড়ুর জনজীবনে কী ধরনের পরিবর্তন আসে, এখন সেটিই দেখার অপেক্ষায় দক্ষিণ ভারত।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
