× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে জটিলতা, বিধায়কদের রিসোর্টে পাঠালেন থালাপতি বিজয়

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৮ মে ২০২৬, ০২:০৪ এএম । আপডেটঃ ০৮ মে ২০২৬, ০২:১১ এএম

চেন্নাইয়ে দলীয় কার্যালয়ে থালাপতি বিজয়।

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানো এবং সরকার গঠন নিয়ে আইনি জটিলতার মুখে পড়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়। প্রয়োজনীয় ১১৮টি আসনের সমর্থন নিশ্চিত করতে না পারায় তাঁর দল 'তামিলাগা ভেটরি কাজাগাম' (টিভিকে) এখন রাজনৈতিক সংকটের আবর্তে। উদ্ভূত পরিস্থিতিতে দলের ১০৭ জন বিধায়ককে দলছুট হওয়া থেকে বাঁচাতে চেন্নাইয়ের অদূরে মামাল্লাপুরামের একটি অবকাশযাপনকেন্দ্রে (রিসোর্ট) সরিয়ে নিয়েছেন বিজয়।

বৃহস্পতিবার সকালে রাজ্যপাল আর ভি আরলেকারের সাথে বিজয়ের প্রতিনিধি দল দেখা করতে গেলে তিনি জানান, সরকার গঠনের আগে ১১৮ জন বিধায়কের নিঃশর্ত সমর্থনের প্রমাণপত্র জমা দিতে হবে। এর আগে বুধবারও রাজ্যপালের কাছে টিভিকে নেতাদের প্রস্তাবটি খারিজ হয়ে যায়। বিধানসভার মোট ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ১০৮টি আসন পেলেও সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে এখনো ১০টি আসন দূরে রয়েছে তারা।

রাজ্যপালের অনড় অবস্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিভিকে নেতৃত্ব। দলের একটি সূত্র জানিয়েছে, সংখ্যালঘু সরকার গঠনের সাংবিধানিক অধিকার দাবি করে তারা আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, "জনগণ আমাদের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সামান্য কিছু আসনের দোহাই দিয়ে জনমতকে উপেক্ষা করা গণতান্ত্রিক রীতির পরিপন্থী।"

বর্তমানে বিজয়ের রাজনৈতিক ভাগ্য ঝুলে আছে ছোট দল এবং বিরোধী জোটের শরিকদের সিদ্ধান্তের ওপর। ডিএমকে জোটের শরিক সিপিআই, সিপিআইএম এবং বিদুথালাই চিরুথাইগাল কাটচি বিজয়কে সমর্থন দিলেও সরকারে যোগদানের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিদুথালাই চিরুথাইগাল কাটচি প্রধান থিরুমাভালাভান বলেন, "আমরা বিজয়ের পাশে দাঁড়াব কি না, তা নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য আরও দু-একদিন সময় প্রয়োজন। তবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য তাঁকে যৌক্তিক সময় দেওয়া উচিত।"

এদিকে বড় শক্তি এআইএডিএমকের সাথে জোট গঠনের গুঞ্জন উঠলেও দলটির শীর্ষ নেতৃত্ব তা নাকচ করে দিয়েছে। ১২ জন বিধায়কের দলছুট হওয়ার খবরকে 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি নির্ধারিত সময়ের মধ্যে বিজয় ১১৮ জনের সমর্থন দেখাতে ব্যর্থ হন, তবে রাজ্যপাল বিধানসভা স্থগিত করে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন।

তামিলনাড়ুর রাজনীতির এই টানটান উত্তজনা এখন মামাল্লাপুরামের সেই রিসোর্টকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, যেখানে বন্দি অবস্থায় রয়েছেন বিজয়ের নবনির্বাচিত বিধায়করা। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের ক্ষমতার পালাবদলে অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে।


তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.