× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হরমুজ প্রণালিতে টোল আরোপ শুরু করল ইরান

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৪ এপ্রিল ২০২৬, ০০:৩০ এএম । আপডেটঃ ২৪ এপ্রিল ২০২৬, ০০:৩৩ এএম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি। বৃহস্পতিবার থেকে এই পথ দিয়ে চলাচলকারী সকল বাণিজ্যিক জাহাজের ওপর সার্বভৌম মাশুল আরোপ করেছে ইরান। ছবি: এপি

কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর প্রথমবারের মতো টোল বা মাশুল আদায় শুরু করেছে ইরান। দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন এক অস্থিরতার সংকেত দিচ্ছে।

বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। পার্লামেন্টের প্রেসিডিয়াম বোর্ডের এক সদস্য জানান, নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ইরান ইতিমধ্যে মাশুল সংগ্রহের প্রক্রিয়াটি কার্যকর করেছে। জাহাজের ধরন, পণ্যের পরিমাণ এবং সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ঝুঁকির ওপর ভিত্তি করে এই মাশুলের পরিমাণ নির্ধারিত হচ্ছে। ইরান এককভাবেই এই ফি মূল্যায়ন ও সংগ্রহের নীতিমালা তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি-বাবাই জানিয়েছেন, হরমুজ প্রণালির টোল থেকে সংগৃহীত প্রথম দফার রাজস্ব ইতিমধেই দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (সেন্ট্রাল ব্যাংক অফ ইরান) অ্যাকাউন্টে জমা হয়েছে। সংগৃহীত এই অর্থ সরাসরি সরকারি সমন্বিত কোষাগারে জমা করার প্রক্রিয়া চলছে।

বিশ্লেষকরা বলছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান এই অঞ্চলে নিজের সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ প্রমাণের চেষ্টা করছে। এর আগে ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করেছিল। তারই পাল্টা জবাব হিসেবে তেহরান এই কৌশলগত জলপথের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং আর্থিক মাশুল আদায়ের পথে হাঁটল।

বিশ্বের মোট খনিজ তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে ইরানের এই একতরফা টোল আরোপের সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে এই পদক্ষেপ কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে পশ্চিমা শক্তিগুলো।

এই পদক্ষেপ কেবল ইরানের রাজভাণ্ডারকে সমৃদ্ধ করবে না, বরং মধ্যপ্রাচ্যের সংকীর্ণ এই নৌপথে তেহরানের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে। বিশ্ব অর্থনীতি যখন মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে, তখন হরমুজ প্রণালিতে এই নতুন ব্যয়ভার পণ্য পরিবহনের খরচ বাড়িয়ে বৈশ্বিক বাজারে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।


সূত্র: সিনহুয়া

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.