× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিন নিরাপত্তা বলয় থেকে সরছে উপসাগরীয় দেশগুলো

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৯ মার্চ ২০২৬, ০৮:১৭ এএম । আপডেটঃ ২৯ মার্চ ২০২৬, ০৮:১৭ এএম

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদ্‌র আলবুসায়িদি।

পারস্য উপসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে এক নিঃশব্দ অথচ গভীর পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধংদেহী’ নীতি ও অস্থির কৌশলগত অবস্থানে ক্লান্ত হয়ে এ অঞ্চলের রাজতান্ত্রিক সরকারগুলো এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিতে বিকল্প পথের কথা ভাবছে। বিশেষ করে, ইরানের সাথে সম্ভাব্য সংঘাতের সম্মুখ সমরে নিজেদের অবস্থান নিয়ে এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কার্যকারিতা নিয়ে আরব দেশগুলোর ভেতরেই এখন জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলো অঞ্চলের নিরাপত্তার ব্যাপারে তাদের দীর্ঘদিনের নীতি-কৌশল আমূল পরিবর্তনের পথে হাঁটছে। ওয়াশিংটনের অস্থির পররাষ্ট্রনীতি এই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে বলে মনে করছেন আরব নেতারা।

প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় দেশগুলোর নীতিনির্ধারকরা এখন ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করছেন যে, তাদের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আতিথ্য দেওয়া কতটা যৌক্তিক। আগে মনে করা হতো এই ঘাঁটিগুলো নিরাপত্তার ঢাল হিসেবে কাজ করবে, কিন্তু এখন ধারণা করা হচ্ছে—এগুলো আরব দেশগুলোকে ইরানের সাথে একটি বড় মাপের যুদ্ধের ‘ফ্রন্টলাইন’ বা সম্মুখ সমরে ঠেলে দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আরব নেতাদের মূল উদ্বেগ হলো ‘হরমুজ প্রণালি’। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথটি যদি যুদ্ধের কারণে রুদ্ধ হয়ে যায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে মিত্রদের একা ফেলে চলে যেতে পারে—এমন একটি অবিশ্বাস দানা বাঁধছে রিয়াদ থেকে দুবাইয়ের রাজপ্রাসাদগুলোতে।

উপসাগরীয় দেশগুলোর এই দোটানার মধ্যেই ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসায়িদির মন্তব্য পুরো সমীকরণকে আরও স্পষ্ট করে তুলেছে। তিনি দুবাই, মানামা বা দোহার মতো শহরগুলোতে মার্কিন সামরিক স্থাপনার ওপর ইরানের সম্ভাব্য হামলাকে ‘একমাত্র যৌক্তিক পথ’ হিসেবে অভিহিত করেছেন। আলবুসায়িদির মতে, পশ্চিম এশিয়ায় ওয়াশিংটন ও তেল-আবিবের ক্রমাগত আগ্রাসনের মুখে ইরানের এই অবস্থান একটি যৌক্তিক প্রতিরক্ষা কৌশল।

ওমানের এই প্রকাশ্য অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, উপসাগরীয় দেশগুলো আর কেবল একতরফাভাবে মার্কিন বলয়ে থাকতে রাজি নয়। তারা এখন আঞ্চলিক শক্তিগুলোর সাথে ভারসাম্য বজায় রেখে চলার কৌশল গ্রহণ করছে।

পারস্য উপসাগরের রাজনীতি এখন আর কেবল তেল বা মার্কিন আধিপত্যের ওপর নির্ভরশীল নয়। মার্কিন নীতি নিয়ে আরব বিশ্বের এই ক্লান্তি এবং নিরাপত্তার প্রশ্নে স্বনির্ভর হওয়ার আকাঙ্ক্ষা বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিচ্ছে। যদি ওয়াশিংটন তার মিত্রদের আস্থা পুনরায় অর্জন করতে না পারে, তবে মধ্যপ্রাচ্যের এই কৌশলগত মানচিত্র থেকে মার্কিন প্রভাব দ্রুত হ্রাস পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.