× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মধ্যপ্রাচ্যে ঈদ শুক্রবার, সৌদিতে শাওয়ালের চাঁদ দেখা যায়নি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৮ মার্চ ২০২৬, ২৩:০১ পিএম । আপডেটঃ ১৮ মার্চ ২০২৬, ২৩:০১ পিএম

পবিত্র রমজানের চাঁদ পর্যবেক্ষণ। ফাইল ছবি: এএফপি

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ বুধবার সন্ধ্যায় দেশটির কোথাও নতুন চাঁদ দৃশ্যমান না হওয়ায় এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে বৃহস্পতিবার হবে সিয়াম সাধনার শেষ দিন এবং শুক্রবার আনন্দ উৎসবে মাতবেন ঐ অঞ্চলের মুসলিম উম্মাহ।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ২৯ রমজান শেষে আজ সৌদি আরবের আকাশ পর্যবেক্ষণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় রাজকীয় আদালতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুক্রবার ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

তুরস্ক ও সিঙ্গাপুরের ভিন্ন চিত্র

এদিকে ভৌগোলিক অবস্থান ও গণনা পদ্ধতির ভিন্নতায় তুরস্ক ও সিঙ্গাপুর তাদের ঈদের তারিখ ঘোষণা করেছে। গালফ নিউজের তথ্যমতে, তুরস্ক জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের কথা জানিয়েছে। অন্যদিকে, সিঙ্গাপুরে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার পবিত্র ঈদ উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের ছায়া পড়েছে ধর্মীয় উৎসবেও। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বিশেষ সতর্কতা অবলম্বন করেছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। দুই দেশের কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এবার খোলা মাঠ বা ঈদগাহের পরিবর্তে কেবল মসজিদের ভেতরেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতিকূল পরিস্থিতির কারণে উন্মুক্ত স্থানে বড় ধরনের জমায়েত এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিয়াম সাধনার মাস শেষে বিশ্বজুড়ে মুসলিমরা যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছেন, তখন মধ্যপ্রাচ্যের এই থমথমে পরিস্থিতি আনন্দ উদযাপনে কিছুটা হলেও উদ্বেগের সৃষ্টি করেছে।


তথ্যসূত্র: গালফ নিউজ

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.