× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আলোচনার প্রস্তাব উড়িয়ে দিলেন ট্রাম্প, খাদের কিনারায় মধ্যপ্রাচ্য

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ০২:১৬ এএম । আপডেটঃ ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর আন্তর্জাতিক ও আঞ্চলিক সব প্রচেষ্টা আপাতত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ইরান যুদ্ধ অবসানে মিত্র দেশগুলোর কূটনৈতিক আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অন্যদিকে, তেহরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ধরনের যুদ্ধবিরতির টেবিলে বসবে না তারা। দুই পক্ষের এমন অনড় অবস্থানে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থা এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে।

সংশ্লিষ্ট তিনটি উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাত থামাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো জোর তৎপরতা চালিয়ে আসছিল। কিন্তু ওয়াশিংটন সেই আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাও একই সুরে কথা বলেছেন। তাঁদের ভাষ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় আলোচনার কোনো অবকাশ নেই।

রণক্ষেত্রের উত্তাপ এখন সরাসরি আঘাত হেনেছে বিশ্ব জ্বালানি বাজারে। গত শুক্রবার দিবাগত রাতে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খারগ’ দ্বীপে মার্কিন বিমান বাহিনীর ব্যাপক হামলা প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সামরিক অবস্থানেরই বহিঃপ্রকাশ। এর প্রতিক্রিয়ায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-পথ ‘হরমুজ প্রণালি’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার অঙ্গীকার করেছেন। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই অচলাবস্থার কারণে বিশ্বজুড়ে তেলের দাম লাফিয়ে বাড়ছে, যা ইতিহাসের বৃহত্তম জ্বালানি সংকটের ইঙ্গিত দিচ্ছে।

দুই সপ্তাহের এই সম্মুখ সমরে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের একটি বড় অংশই ইরানি বেসামরিক নাগরিক। ওয়াশিংটন ও তেহরানের এই অনমনীয় জেদ যুদ্ধকে এক দীর্ঘমেয়াদি ও ধ্বংসাত্মক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। ইরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, তাদের ওপর হামলা অব্যাহত থাকলে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও নিরাপদ থাকবে না।

বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির এই চরম আস্ফালন মধ্যপ্রাচ্যের মানচিত্রকে স্থায়ীভাবে বদলে দিতে পারে, যার চড়া মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।


তথ্যসূত্র: রয়টার্স


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.