ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ী। ছবি: সংগৃহীত
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া তাঁর প্রথম বার্তায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর প্রয়াণে শোক প্রকাশ করে দেওয়া এই বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির দিন ফুরিয়ে এসেছে।
নতুন সর্বোচ্চ নেতা তাঁর বার্তায় প্রতিবেশী দেশগুলোকে উদ্দেশ্য করে বলেন, এই অঞ্চলে অবস্থিত সকল মার্কিন ঘাঁটি দ্রুত বন্ধ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, "শত্রুদের ঘাঁটিগুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যদি তারা আমাদের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে, তবে ইরানের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সম্পদ থেকেই তা উসুল করা হবে। প্রয়োজনে সমপরিমাণ পাল্টা আঘাত হানা হবে।"
তিনি আরও বলেছেন, নিরাপত্তার বিষয়ে আমেরিকার দাবি একটি 'প্রতারণা' ছাড়া আর কিছুই নয়। প্রতিবেশী দেশগুলো যদি এই ঘাঁটিগুলো বন্ধ করে দেয়, তবে তারা নিজেদের জনগণের আরও কাছাকাছি আসতে পারবে এবং তাদের জাতীয় শক্তি বৃদ্ধি পাবে।
আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ী তাঁর বক্তব্যে প্রয়াত নেতা আলী খামেনেয়ীর আধ্যাত্মিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, "হে নেতা! আপনার প্রস্থান আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আপনি রমজানের দশম সকালে পবিত্র কুরআন তিলাওয়াতরত অবস্থায় শাহাদাতের যে মর্যাদা লাভ করেছেন, তা আপনার আজীবনের লালিত স্বপ্ন ছিল।" তিনি অঙ্গীকার করেন যে, সত্যের এই পতাকাকে উচ্চে তুলে ধরতে এবং পূর্বসূরীর পবিত্র লক্ষ্য পূরণে ইরান তার সর্বশক্তি নিয়োগ করবে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বিষয়ে তিনি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনগণের সমর্থন ও উপস্থিতি ছাড়া নেতৃত্ব কিংবা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষেই কার্যকরভাবে জনগণের সেবা করা সম্ভব নয়। একইসঙ্গে তিনি বর্তমান সংকটকালীন সময়ে রাষ্ট্রের তিন বিভাগ ও অস্থায়ী নেতৃত্ব পরিষদের বিচক্ষণ ভূমিকার প্রশংসা করেন।
কঠোর হুঁশিয়ারির পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর প্রতি বন্ধুত্বের হাতও বাড়িয়ে দিয়েছেন নতুন এই নেতা। তিনি বলেন, "ইসলামী প্রজাতন্ত্র কোনো প্রকার আধিপত্য বা উপনিবেশবাদ প্রতিষ্ঠা করতে চায় না, বরং আমরা সব প্রতিবেশীর সঙ্গে ঐক্য ও আন্তরিক পারস্পরিক সম্পর্ক স্থাপনে সম্পূর্ণ প্রস্তুত।" তবে এর আগে আক্রমণকারীদের বিষয়ে দেশগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে তিনি মুসলিম উম্মাহ ও বিশ্বের নির্যাতিত মানুষের ওপর আল্লাহর রহমত কামনা করেন এবং ফিলিস্তিনসহ সকল প্রতিরোধ ফ্রন্টের বিজয়ের জন্য দোয়া করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
