× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বের সর্বাধুনিক মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’-এ অগ্নিকাণ্ড, আহত ২

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ০১:৫৯ এএম । আপডেটঃ ১৩ মার্চ ২০২৬, ০৩:০৬ এএম

বিশ্বের অন্যতম শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’। ফাইল ছবি: রয়টার্স

বিশ্বের বৃহত্তম এবং অত্যাধুনিক মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই নৌ-সেনা আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, এই অগ্নিকাণ্ড কোনো বাহ্যিক হামলা বা যুদ্ধজনিত কারণে ঘটেনি। জাহাজের প্রধান ‘লন্ড্রি স্পেস’ (ধোপাশালা) থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি এবং জাহাজের প্রধান প্রপালশন প্ল্যান্ট বা যান্ত্রিক ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। আহত দুই সেনার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।

ইউএসএস জেরাল্ড ফোর্ড বর্তমানে পুরোপুরি কার্যকর রয়েছে এবং এর কার্যক্রম ব্যাহত হয়নি বলে দাবি করেছে মার্কিন নৌবাহিনী। তবে কৌশলগত ও নিরাপত্তার কারণে রণতরিটি এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি পেন্টাগন।

মার্কিন নৌবাহিনীর বহরে থাকা ১১টি রণতরির মধ্যে ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’কে সবচেয়ে বড়, শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে অগ্রগামী বলে বিবেচনা করা হয়। চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রেক্ষাপটে রণতরিটি বিশেষ মিশনে মোতায়েন করা হয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, রণতরিটি ইরান সংঘাতের প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। অগ্নিকাণ্ডটি ‘যুদ্ধজনিত’ নয় বলে সেন্টকম দাবি করলেও, স্পর্শকাতর সময়ে এমন দুর্ঘটনা মার্কিন নৌ-নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে নতুন আলোচনার জন্ম দিতে পারে।


তথ্যসূত্র: আল–জাজিরা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.