× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হরমুজ প্রণালিতে ভারত অভিমুখী জাহাজে হামলা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১২ মার্চ ২০২৬, ০২:৩৩ এএম । আপডেটঃ ১২ মার্চ ২০২৬, ০৩:৪৯ এএম

হরমুজ প্রণালীতে হামলার শিকার থাইল্যান্ডের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ থেকে উঠছে কালো ধোঁয়া। ছবি: এএফপি

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালি এখন এক অগ্নিগর্ভ রণক্ষেত্রে পরিণত হয়েছে। তেহরানের হুঁশিয়ারি আর ওয়াশিংটন-তেল আবিবের পাল্টাপাল্টি হামলায় স্থবির হয়ে পড়েছে বৈশ্বিক তেলের বাজার। বুধবার এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে ভারত অভিমুখী এক বাণিজ্যিক জাহাজে হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানের ১৬টি নৌযান ধ্বংসের মার্কিন দাবি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিশ্লেষকরা একে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের অন্যতম বড় জ্বালানি বিপর্যয় হিসেবে দেখছেন।

বুধবার সকালে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালানো হয়। জাহাজটি ভারতের কান্দলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। হামলার পর জাহাজটি থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটি থেকে ২০ জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। ভারত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে

সংকট নিরসনের পরিবর্তে সামরিক হুঙ্কার বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে মাইন স্থাপনের প্রস্তুতির খবর পাওয়ার পরপরই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ১৬টি ইরানি নৌযান ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে। ট্রাম্পের হুঁশিয়ারি স্পষ্ট—ইরান যদি জলপথটি বন্ধ করার চেষ্টা করে, তবে দেশটিতে মার্কিন হামলা বর্তমানের চেয়ে ‘২০ গুণ’ জোরদার করা হবে। হোয়াইট হাউসের দাবি, ইরানের রাডার, আকাশ প্রতিরক্ষা এবং নেতৃত্বের সক্ষমতা এরই মধ্যে অনেকটাই ধূলিসাৎ করে দিয়েছে তারা।

প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল সরবরাহের এই পথটি রুদ্ধ হওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়েছে। তেলের দাম এরই মধ্যে ব্যারেলপ্রতি ১২০ ডলার স্পর্শ করে বর্তমানে ৯০ ডলারের আশেপাশে থিতু হলেও, ইরান সরকার সতর্ক করেছে যে এটি শিগগিরই ২০০ ডলারে পৌঁছাতে পারে। সংকট সামাল দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে

যুদ্ধের ১২তম দিনেও ইরান ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে অব্যাহত বোমাবর্ষণের সাথে সাথে রেকর্ড করা হয়েছে তুষারপাত। রেড ক্রিসেন্টের তথ্যমতে, ইরানে এ পর্যন্ত ১ হাজার ৩০০-এর বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ২০৬ জনই শিক্ষক ও শিক্ষার্থী।

অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) তাদের রণকৌশল পরিবর্তনের ঘোষণা দিয়েছে। তারা এখন থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মালিকানাধীন অর্থনৈতিক কেন্দ্র, ব্যাংক এবং টেক জায়ান্ট গুগল, মাইক্রোসফট ও এনভিডিয়ার স্থাপনাগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘নিরাপদ’ আছেন বলে তেহরান দাবি করলেও, নেতৃত্বের ওপর মার্কিন চাপ অপরিবর্তিত রয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে গোটা বিশ্বের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.