× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিন দূতাবাসে বিস্ফোরণ, নাশকতার সন্দেহে নরওয়ে পুলিশ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৯ মার্চ ২০২৬, ০১:৪৮ এএম । আপডেটঃ ০৯ মার্চ ২০২৬, ০২:৪৪ এএম

অসলোতে মার্কিন দূতাবাসের প্রবেশপথে বিস্ফোরণের পর তদন্তকারী দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। বিস্ফোরণে ভবনের বাইরের দিকের কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ছবি: রায়টার্স

নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসে গভীর রাতে একটি রহস্যময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ এই ঘটনাকে প্রাথমিক পর্যবেক্ষণে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হতে পারে বলে ধারণা করছে। বিস্ফোরণে দূতাবাসের প্রবেশপথের সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার ( ৮ মার্চ ) ভোররাতে ঘটা এই বিস্ফোরণের পর নরওয়ের পাবলিক ব্রডকাস্টার 'এনআরকে' দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশের যৌথ তদন্ত ও গোয়েন্দা ইউনিটের প্রধান ফ্রোড লারসেন বলেন, "আমাদের অন্যতম প্রধান অনুমান হলো এটি একটি সন্ত্রাসী হামলা। তবে আমরা এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাচ্ছি না, অন্যান্য কারণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।"

নরওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মার্কিন কূটনীতিকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং ঘটনার রহস্য উন্মোচনে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, তারা ঘটনার বিষয়ে অবগত এবং তদন্তে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছেন।

নরওয়ে পুলিশের ভাষ্যমতে, রবিবার স্থানীয় সময় রাত ১টার দিকে দূতাবাসের আশপাশে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও জরুরি সেবা সরঞ্জাম পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা মাইকেল ডেলেমির জানান, বিস্ফোরণটি দূতাবাসের মূল ভবনের প্রবেশপথে ঘটেছে। শহর কেন্দ্র থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত মোরগেডালসভেগেন জেলার দূতাবাস এলাকাটি বর্তমানে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। যারা এই বিস্ফোরণ দেখেছেন বা শুনেছেন, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য জনসাধারণের কাছে বিশেষ আবেদন জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কনস্যুলার বিভাগের প্রবেশপথের কাঁচের দরজা ফেটে চুরমার হয়ে তুষারের ওপর পড়ে আছে এবং মেঝেতে পোড়া কালো দাগ সৃষ্টি হয়েছে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “কূটনৈতিক মিশনের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা এ বিষয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক মেয়ারের সাথে নিবিড়ভাবে কাজ করছি।”

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইউরোপের অন্যতম শান্ত শহর অসলোতে এমন বিস্ফোরণ আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।


তথ্যসূত্র: বিবিসি 



National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.