শত্রুপক্ষের যেকোনো ধরনের আগ্রাসন, আধিপত্যবাদ ও জুলুমের বিরুদ্ধে তেহরান বিন্দুমাত্র আপস করবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার ‘দুঃসাহস’ দেখালে তার চড়া মূল্য দিতে হবে।
রবিবার ( ৮ মার্চ ) ইরানের স্বাস্থ্যসেবা খাতের সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। মেহের নিউজ এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে পার্সটুডে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রুরা অত্যন্ত পরিকল্পিতভাবে ইরানের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে তেহরানের স্থায়ী সংঘাত জিইয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। তিনি মন্তব্য করেন, “আমাদের কূটনৈতিক অবস্থান ও বক্তব্য নিয়ে শত্রুপক্ষ অপরিপক্ব চিন্তাভাবনা করছে। তারা চায় ইরান যেন সর্বদা প্রতিবেশীদের সাথে যুদ্ধে লিপ্ত থাকে।”
দেশের নিরাপত্তায় পাল্টা আঘাতের অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “যদি কোনো পক্ষ আমাদের ভূখণ্ডে হামলা চালায়, তবে আমরা পাল্টা জবাব দিতে বাধ্য হব। তবে এই জবাবের অর্থ এই নয় যে, ওই নির্দিষ্ট দেশটির জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা রয়েছে। একান্ত বাধ্য না হলে আমরা কোনো দেশের মানুষকে কষ্ট দিতে চাই না।” তিনি বলেন, ইরানের ওপর চাপের মাত্রা যত বাড়বে, তেহরানের প্রতিক্রিয়াও ততটাই কঠোর হবে।
প্রেসিডেন্ট বলেন, “শত্রুরা আমাদের শক্তি নিয়ে যে অলীক স্বপ্নে বিভোর রয়েছে, তা অচিরেই চূর্ণ-বিচূর্ণ হবে। আমাদের সশস্ত্র বাহিনী ও স্বেচ্ছাসেবী সদস্যরা দেশের প্রতিটি প্রান্তে অতন্দ্র প্রহরীর মতো মোতায়েন রয়েছে। যেকোনো আগ্রাসন রুখতে আমরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলব।”
বক্তব্যের শেষে তিনি দেশের বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি প্রত্যয় ব্যক্ত করেন যে, অভ্যন্তরীণ সংহতির মাধ্যমেই শত্রুর মোকাবিলা করা হবে এবং ইরানি ভূখণ্ডের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না।