বিশ্বের অন্যতম কৌশলগত নৌপথ হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার সকালে এই অভিযানের মধ্য দিয়ে পারস্য উপসাগরের থমথমে পরিস্থিতিতে নতুন করে বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বারবার সতর্কবার্তা উপেক্ষা করে ‘নিষিদ্ধ’ জলসীমায় প্রবেশের দায়ে ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, আক্রান্ত জাহাজটির নাম ‘প্রিমা’। আইআরজিসি নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বর্তমানে সব ধরনের নৌ-চলাচল নিষিদ্ধ এবং এই পথটি চরম অনিরাপদ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু ইউরোপীয় দেশ মাল্টার পতাকাবাহী এই জাহাজটি নৌবাহিনীর দেওয়া বারবার হুঁশিয়ারি ও নির্দেশনা অমান্য করে এগিয়ে যেতে থাকে। এরই প্রেক্ষিতে আইআরজিসি জাহাজটিকে ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত করে ড্রোন হামলা চালায়।
জাহাজ চলাচলের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’-এর উপাত্ত অনুযায়ী, ‘প্রিমা’ একটি বৃহৎ অপরিশোধিত তেল ও রাসায়নিক পণ্য পরিবহনকারী ট্যাংকার। কৌশলগত গুরুত্বসম্পন্ন এই প্রণালিতে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের নিরবচ্ছিন্নতা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান ইরান বনাম ইসরায়েল-যুক্তরাষ্ট্র সামরিক উত্তজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হরমুজ প্রণালি। তেহরান আগেই দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিল যে, তারা এই পথে ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা তাদের মিত্রশক্তির কোনো জাহাজ চলাচল করতে দেবে না। আজকের এই হামলা মূলত সেই অনড় অবস্থানেরই একটি সামরিক মহড়া বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ঘটনার ফলে বিশ্বের অন্যতম প্রধান এই সামুদ্রিক রুটটি এখন কার্যত এক ভয়াবহ রণক্ষেত্রে রূপ নিয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা