× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিন ঘাঁটি আরব দেশগুলোর জন্য হুমকি: মেদভেদেভ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৭ মার্চ ২০২৬, ২১:০৪ পিএম । আপডেটঃ ০৭ মার্চ ২০২৬, ২২:২০ পিএম

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব দিমিত্রি মেদভেদেভ। ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব দিমিত্রি মেদভেদেভ। এই অঞ্চলের আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তার জন্য চরম হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। মেদভেদেভের মতে, ওয়াশিংটন এই ঘাঁটিগুলোকে আরব দেশগুলোর সুরক্ষায় নয়, বরং নিজেদের সংকীর্ণ স্বার্থ ও বিশেষ কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে।

ইরানি বার্তা সংস্থা ইরনা ও পার্স-টুডের বরাতে জানা যায়, মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আরব বিশ্বকে সতর্ক করে বলেন, মার্কিন সামরিক উপস্থিতির ওপর ভরসা করা এক প্রকার ‘রাজনৈতিক সরলতা’ বা ‘বোকামি’ ছাড়া আর কিছুই নয়। তিনি প্রশ্ন তোলেন, দশকের পর দশক ধরে এই অঞ্চলে মার্কিন আধিপত্য আদতে স্থানীয় দেশগুলোর সার্বভৌমত্বকে সুরক্ষিত করেছে না কি তাদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

রাশিয়ার এই প্রভাবশালী নেতা লিখেছেন, “পারস্য উপসাগরীয় দেশগুলো এই আশায় নিজ ভূখণ্ডে মার্কিন ঘাঁটি করার অনুমতি দিয়েছিল যে, তারা সুরক্ষা পাবে। কিন্তু বাস্তবতা হলো—আমেরিকা কখনোই তা করবে না! মার্কিন প্রশাসন এই ঘাঁটিগুলোকে কেবল নিজের স্বার্থ এবং একটি বিশেষ সরকারকে রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করবে।”

আরব সরকারগুলোর উদ্দেশে মেদভেদেভ আরও জোরালো আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের গভীরভবে ভেবে দেখা প্রয়োজন, এই সামরিক ঘাঁটিগুলো আপনাদের আদৌ কোনো উপকারে আসছে কি না। ইতিহাস সাক্ষ্য দেয়, এই উপস্থিতি সুরক্ষা দেওয়ার বদলে আপনাদের জন্য দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়াবে।”

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে মেদভেদেভের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাশিয়া মূলত আরব দেশগুলোকে ওয়াশিংটনের প্রভাব বলয় থেকে বের করে একটি বহুমুখী বৈশ্বিক ব্যবস্থার দিকে ধাবিত হওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দিচ্ছে। মেদভেদেভের এই কড়া হুঁশিয়ারি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কৌশলের ওপর নতুন করে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.