কাঠমান্ডুর রাস্তায় জনসমুদ্রে ভাসছেন নেপালের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। গ্রাফিক্স ছবি: সংগৃহীত
দক্ষিণ এশিয়ার হিমালয়কন্যা নেপালে বইছে পরিবর্তনের প্রখর হাওয়া। গত সেপ্টেম্বরের গণবিক্ষোভের রেশ ধরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রথাগত রাজনীতির মহীরুহদের উপড়ে ফেলে নিরঙ্কুশ জয়ের পথে এগিয়ে যাচ্ছে তরুণ প্রজন্মের পছন্দের দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি)। নেপালের দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং অচলাবস্থার বিরুদ্ধে ‘জেন-জি’ বা নবীন প্রজন্মের যে ক্ষোভের আগুন জ্বলেছিল, তার চূড়ান্ত প্রতিফলন ঘটল এই ব্যালট বিপ্লবে। এই জয়ের মধ্য দিয়ে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কার্যত নিশ্চিত হয়ে গেছেন কাঠমান্ডুর সাবেক মেয়র তথা সাবেক র্যাপার বলেন্দ্র শাহ, যিনি হিমালয়ের রাজনীতিতে এখন ‘পরিবর্তনের নায়ক’ হিসেবে পরিচিত।
নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর ২৭াসনের নির্বাচনে এবার এক অভূতপূর্ব নজির তৈরি হয়েছে। প্রত্যক্ষ নির্বাচনের ফল ও প্রাথমিক প্রবণতা অনুযায়ী, ১৬৫টি আসনের মধ্যে ১১২টিই যাচ্ছে আরএসপির ঝুলিতে, যা নেপালের নির্বাচনী ইতিহাসে সর্বকালীন রেকর্ড। ঝাপা-৫ আসনে সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট নেতা কেপি শর্মা ওলিকে বিশাল ব্যবধানে পরাজিত করে চমক দেখিয়েছেন বলেন্দ্র শাহ। অন্যদিকে, নেপালি কংগ্রেস ও পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডর মাওবাদী দলের মতো পুরনো শক্তিগুলো ধূলিসাৎ হয়ে গেছে। এমনকি রাজতন্ত্র প্রত্যাবর্তনের দাবি তোলা দলগুলোও সাধারণ মানুষের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ ও নেপাল
বিশ্লেষকরা এই নির্বাচনকে ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে তুলনা করছেন। বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে ক্ষমতার পালাবদল ঘটলেও পরবর্তী নির্বাচনে মানুষ পুরনো রাজনৈতিক দলের ওপরই আস্থা রেখেছিল। তবে নেপালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেখানে নবীন প্রজন্ম কেবল রাজপথের আন্দোলনই করেনি, বরং ব্যালট বাক্সেও নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। পুরনো নেতাদের ওপর আস্থা না রেখে নেপালিরা বেছে নিয়েছে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার করা নতুন নেতৃত্বকে।
চ্যালেঞ্জের মুখে ‘জেন-জি’ সরকার
৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহর সামনে রয়েছে কণ্টকাকীর্ণ পথ। গত তিন দশকে নেপালে ৩২ বার সরকার পরিবর্তন হয়েছে। পোড় খাওয়া রাজনীতিকরা যেখানে বারবার দল ভাঙিয়ে জোট সরকার পতনের খেলা খেলেছেন, সেখানে বলেন্দ্রর মতো একজন নবাগত নেতার জন্য স্থিতিশীলতা বজায় রাখা হবে সবচেয়ে বড় পরীক্ষা। তবে কাঠমান্ডুর মেয়র হিসেবে তাঁর প্রশাসনিক সাফল্য এবং তারুণ্যের উদ্দীপনা তাঁকে সাধারণ মানুষের কাছে এক অপরাজেয় আস্থায় পরিণত করেছে।
এক নতুন নেপালের উদয়
২০২২ সালে গঠিত মাত্র চার বছরের পুরনো দল আরএসপি যেভাবে তরাই অঞ্চল থেকে শুরু করে পাহাড় পর্যন্ত নিজেদের আধিপত্য বিস্তার করেছে, তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন বার্তাবাহী। দুর্নীতি মুক্তি, কর্মসংস্থান এবং আধুনিক নেপাল গড়ার যে স্বপ্ন বলেন্দ্র শাহ দেখিয়েছেন, এখন তা বাস্তবায়নের সময়। নেপালের ভোটাররা জানিয়ে দিয়েছেন, তাঁরা আর পুরনো প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন, তাঁরা চান নতুন সময়ের নতুন এক হিমালয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
