× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোজতবা ‘অগ্রহণযোগ্য’, ইরানের নেতা বাছবে ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৬ মার্চ ২০২৬, ০২:৩৪ এএম । আপডেটঃ ০৬ মার্চ ২০২৬, ০২:৩৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচন নিয়ে বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। খামেনির ছেলে মোজতবা খামেনিকে পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে তেহরানের সম্ভাব্য বিবেচনার খবর প্রকাশ্যে আসতেই তীব্র আপত্তি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার রাজনৈতিক পরিবর্তনের আদলে ইরানেও নতুন নেতৃত্ব নির্বাচনে সরাসরি যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ‘একিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, খামেনিপুত্র মোজতবা তাঁর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নন। ট্রাম্প বলেন, “আমরা এমন কাউকে ইরানের নেতৃত্বে দেখতে চাই যিনি অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনবেন। মোজতবা সেই মাপকাঠি পূরণ করেন না।” উল্লেখ্য, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি পর্দার আড়ালে থেকে দেশটির ক্ষমতাধর ‘ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-এর সাথে গভীর সম্পর্ক বজায় রাখলেও কোনো রাষ্ট্রীয় পদে তিনি আসীন ছিলেন না।

ট্রাম্পের এই মন্তব্যে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির ছায়া দেখছেন বিশ্লেষকরা। গত জানুয়ারিতে নাটকীয় এক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনারা অপহরণ করার পর দেশটির রাষ্ট্রক্ষমতায় আসেন ডেলসি রদ্রিগেজ। ট্রাম্প ইতোমধ্যেই ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘নতুন বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এই পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ভেনেজুয়েলা থেকে ৮০ মিলিয়ন ব্যারেল তেল পেয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক সফরে ভেনেজুয়েলার খনি আইনেও ওয়াশিংটনের অনুকূলে পরিবর্তনের ঘোষণা এসেছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর থেকেই ইরানের নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর দাবি অনুযায়ী মোজতবাকে মনোনীত করার খবর চাউর হলেও তেহরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ট্রাম্পের সাম্প্রতিক এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ওয়াশিংটন কেবল তেহরানের শাসন পরিবর্তন করেই ক্ষান্ত নয়, বরং নিজেদের পছন্দের নেতৃত্ব বসিয়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও জ্বালানি নিয়ন্ত্রণ নিতে মরিয়া।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই প্রকাশ্য হস্তক্ষেপের দাবি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। একদিকে তেহরানের ঐতিহ্যগত নেতৃত্ব রক্ষার লড়াই, অন্যদিকে ওয়াশিংটনের ‘ভেনেজুয়েলা স্টাইল’ পরিবর্তনের হুমকি—সব মিলিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে।


তথ্যসূত্র: এক্সিওস


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.