× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব অর্থনীতি ‘বর্বর আগ্রাসনে’ বিপন্ন: ইরান মুখপাত্র

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ২৩:৩৯ পিএম । আপডেটঃ ০৬ মার্চ ২০২৬, ০২:০২ এএম

ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে তেহরানে এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকা। ফাইল ছবি: সংগৃহীত

ইরানের ওপর পরিচালিত মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযানকে ‘বিনা উস্কানিতে বর্বর আগ্রাসন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক কড়া বার্তায় সতর্ক করেছেন যে, এই সংঘাত কেবল ইরানের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্ব অর্থনীতিকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তাঁর মতে, এই যুদ্ধের চড়া মূল্য দিতে হচ্ছে বিশ্বজুড়ে সাধারণ মানুষকে—যাদের ক্রয়ক্ষমতা আজ তলানিতে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইসমাইল বাকাই বলেন, এই অযৌক্তিক আগ্রাসন আন্তর্জাতিক জ্বালানি বাজারে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। লাফিয়ে বাড়ছে তেলের দাম, অস্থিতিশীল হয়ে পড়েছে বিভিন্ন দেশের মুদ্রা এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হচ্ছে। বাকাইয়ের ভাষায়, “এই আগ্রাসন যুদ্ধক্ষেত্রের বাইরেও বিস্তৃত হয়েছে; এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে বিশ্ব বাজারে, যা প্রকারান্তরে কোটি কোটি মানুষের পকেট কাটছে।”

ইরানি সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, মুখপাত্র বাকাই বেসামরিক নাগরিকদের ওপর সুপরিকল্পিত হামলার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, আক্রমণকারীরা ইচ্ছাকৃতভাবে জনবসতিপূর্ণ এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে যাতে সর্বোচ্চ পরিমাণ প্রাণহানি ও মানবিক দুর্ভোগ সৃষ্টি করা যায়। তিনি বলেন, “আমাদের জনগণের জন্য এই যুদ্ধের মূল্য অপরিসীম। হানাদাররা সাধারণ মানুষের ঘরবাড়ি ও জনসমাগমস্থলকে টার্গেট করছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।”

উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের হত্যাকাণ্ডের পর থেকেই দেশটিতে ‘ভয়াবহ’ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও বসে নেই। তারা ইতোমধ্যেই অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাকে তেহরান ‘কঠোর প্রতিশোধ’ হিসেবে অভিহিত করছে।

বিশ্লেষকরা মনে করছেন, তেহরানের এই বক্তব্য মূলত বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের একটি কৌশল, যাতে এই যুদ্ধের অর্থনৈতিক কুফলগুলো তুলে ধরে বৈশ্বিক চাপ সৃষ্টি করা যায়। তবে আপাতত পারস্য উপসাগরের আকাশে শান্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছে না।



তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি



বিষয় : ইরান

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.