× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়াল, পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ১৪:১৭ পিএম । আপডেটঃ ০৫ মার্চ ২০২৬, ১৪:২৪ পিএম

বুধবার এঙ্গেলাব স্কয়ারে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের চিত্র। টানা পাঁচ দিনের অভিযানে বিপর্যস্ত ইরানের রাজধানী। ছবি: রয়টার্স

মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের পঞ্চম দিনে ইরান এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। তেহরানসহ কোম ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে বুধবার দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আকাশপথে এই বিধ্বংসী আক্রমণের শিকার হয়ে ইরানে নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে। অন্যদিকে, ইরানও বসে নেই, ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তারা শুরু করেছে পাল্টা অভিযান ‘ট্রু প্রমিজ-৪’।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বুধবারের হামলায় কেবল সামরিক স্থাপনাই নয়, বরং ধুলোয় মিশে গেছে অসংখ্য আবাসিক ভবন। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ১,০৪৫ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ছয় হাজারেরও বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ৩০০ জন শিশু ও কিশোর। জাতিসংঘের তথ্যমতে, সংঘাতের ভয়াবহতায় প্রাণ বাঁচাতে ইতোমধ্যেই প্রায় এক লাখ মানুষ তেহরান ত্যাগ করেছেন।

পিতৃশোক আর দেশের ওপর হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ১৯তম দফার আক্রমণ শুরু করেছে। ‘ট্রু প্রমিজ-৪’ ছদ্মনামের এই অভিযানে মধ্যপ্রাচ্যে অবস্থিত ‘আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’ ও ইসরায়েলি প্রতিরক্ষা বলয় লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন—বিশ্বজুড়ে থাকা ইসরায়েলি দূতাবাসগুলো এখন তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে।

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার প্রস্তুতি যখন চলছে, তখন পর্দার আড়ালে চলছে তাঁর উত্তরসূরি নির্বাচনের রুদ্ধশ্বাস প্রক্রিয়া। জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আহমদ খাতামি জানিয়েছেন, তাঁরা চূড়ান্ত সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছেছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও সংবাদমাধ্যমগুলোর দাবি, খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনিই এখন তেহরানের সিংহাসনের সবচেয়ে শক্তিশালী দাবিদার।

ইসফাহানের পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) নিশ্চিত করেছে যে, মূল স্থাপনা বা তেজস্ক্রিয় পদার্থের কোনো ক্ষতি হয়নি। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বর্তমান নেতৃত্বকে ‘বিশৃঙ্খলাপূর্ণ’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি হুমকি দিয়ে বলেছেন, নতুন নেতা যেই হোন না কেন, ইসরায়েল বিরোধী অবস্থান নিলে তাঁর পরিণতি হবে খামেনির মতোই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই পরিস্থিতির জন্য ট্রাম্পের ‘বিশ্বাসঘাতক কূটনীতি’কে দায়ী করে বলেছেন, আলোচনার টেবিল ধ্বংস করার ফল বিশ্ব আজ ভোগ করছে।


সূত্র : আল-জাজিরা


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.