× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পের হুমকির মুখেও শান্তিতে অনড় স্পেন

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ মার্চ ২০২৬, ১৬:৩৪ পিএম । আপডেটঃ ০৪ মার্চ ২০২৬, ১৬:৪২ পিএম

মাদ্রিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: ইপিএ

মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুনে ঘি ঢালতে রাজি নয় ইউরোপের অন্যতম শক্তি স্পেন। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার জন্য নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে মাদ্রিদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা ও বাণিজ্য বয়কটের হুমকির মুখেও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাফ জানিয়ে দিয়েছেন, স্পেন কোনোভাবেই ‘যুদ্ধের পক্ষে নয়’। অন্যদিকে, প্রথম দিকে এই সামরিক অভিযানকে সমর্থন দিলেও এখন একে ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ বলে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

স্পেনের সাথে সমস্ত বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ট্রাম্পের হুমকির একদিন পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাঁর অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, “স্পেন সরকারের অবস্থানকে মাত্র চারটি শব্দে সংক্ষেপ করা যায়— ‘যুদ্ধের পক্ষে নয়’ (নো টু ওয়ার)।” ট্রাম্পের প্রতিশোধমূলক আচরণের কড়া জবাব দিয়ে সানচেজ বলেন, “প্রতিশোধের ভয়ে আমরা এমন কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হব না যা বিশ্বের জন্য ক্ষতিকারক এবং আমাদের জাতীয় মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থী।” তিনি এই পরিস্থিতির সাথে ২০০০-এর দশকের ইরাক যুদ্ধের তুলনা করে বলেন, স্পেন অতীতের সেই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না।

অস্ট্রেলিয়ার সিডনির লোই ইনস্টিটিউটে ভাষণ দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দেখছে কানাডা

এদিকে, সিডনি সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বুধবার ‘দ্য গার্ডিয়ান’ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কার্নি মনে করেন এই হামলা প্রাথমিকভাবে আন্তর্জাতিক আইনের সাথে মারাত্মকভাবে অসঙ্গতিপূর্ণ। যদিও গত শনিবার হামলার শুরুতে তিনি সমর্থন জানিয়েছিলেন, তবে এখন তিনি সেই সিদ্ধান্তের জন্য ‘গভীর অনুতাপ’ প্রকাশ করেছেন। কার্নি বলেন, “আমাদের আগে থেকে কিছুই জানানো হয়নি, এমনকি অংশগ্রহণের জন্য আহ্বানও করা হয়নি।” তিনি আরও জানান, এই সংঘাত মূলত বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার এক করুণ দৃষ্টান্ত।

কূটনৈতিক বিভক্তি ও বৈশ্বিক চাপ

স্পেন ও কানাডার এই অবস্থান মধ্যপ্রাচ্য সংকটে পশ্চিমা মিত্রদের মধ্যে এক বিশাল ফাটল ধরিয়ে দিয়েছে। স্পেন আন্তর্জাতিক আইনের শাসন এবং ইউক্রেন ও গাজা সংকটে তাদের অনুসৃত ‘সামঞ্জস্যপূর্ণ’ নীতির ওপর জোর দিচ্ছে। মাদ্রিদ মনে করে, কেবল বোমা বর্ষণ করে বিশ্বের কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। ট্রাম্প মাদ্রিদকে ‘অসহযোগী’ ও ‘ভয়াবহ মিত্র’ বলে গালি দিলেও সানচেজ বিশ্ব শান্তির স্বার্থে নিজের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়েছেন।

মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান যুদ্ধাবস্থা এখন কেবল সামরিক নয়, বরং একটি বড় ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সংকটে রূপ নিচ্ছে, যা ওয়াশিংটন ও তার দীর্ঘদিনের মিত্রদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ।



তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান 


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.