× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, আকাশপথে পালানোর খরচ এখন কয়েক কোটি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক | ৩ মার্চ ২০২৬

০৩ মার্চ ২০২৬, ১৫:৫৭ পিএম । আপডেটঃ ০৩ মার্চ ২০২৬, ১৮:৪৬ পিএম

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা উরোজাহাজ। ছবি: রয়টার্স

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এবং এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে টালমাটাল হয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রমোদনগরী দুবাই। বৈশ্বিক বাণিজ্য ও পর্যটনের অন্যতম এই কেন্দ্রটি এখন চরম উৎকণ্ঠার জনপদে পরিণত হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে অচল হয়ে পড়ায় সেখানে অবস্থানরত প্রভাবশালী ব্যক্তিত্ব ও ধনকুবেররা দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন, যার ফলে ব্যক্তিগত বিমানের (প্রাইভেট জেট) ভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

রণক্ষেত্র মধ্যপ্রাচ্য

গেল শনিবার থেকে শুরু হওয়া সামরিক সংঘাতের জেরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দুবাইয়ের মার্কিন ঘাঁটিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবারও বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি করলেও পরিস্থিতির অবনতি হওয়ায় তেহরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে দেশটি। হামলার প্রভাবে দুবাই বিমানবন্দরের কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিলাসবহুল হোটেল ও বন্দর এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিকল্প পথে পালানোর হিড়িক

দুবাইয়ের আকাশসীমা ও বিমানবন্দর অনিরাপদ হয়ে ওঠায় সম্পদশালী পর্যটকরা এখন সড়কপথে পার্শ্ববর্তী দেশ ওমান কিংবা সৌদি আরবের রিয়াদের দিকে ছুটছেন। ওমানের মাসকাট বিমানবন্দর এখনো সচল থাকায় সেখান থেকে ইউরোপগামী ফ্লাইটের টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে। অনেকে ১০ ঘণ্টার দুর্গম পথ পাড়ি দিয়ে রিয়াদে পৌঁছাচ্ছেন সচল ফ্লাইটের আশায়। বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো এখন বিশেষ এসইউভি গাড়িবহরের মাধ্যমে আকাশছোঁয়া মূল্যে যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।

চাহিদার তুলনায় উড্ডয়নযোগ্য বিমানের তীব্র সংকটে ভাড়া এখন সাধারণের ধরাছোঁয়ার বাইরে। ‘জেটভিপ’ নামক একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের তথ্যমতে, ইস্তাম্বুলগামী একটি ছোট জেটের ভাড়া এখন ১ কোটি ২২ লাখ টাকা ছাড়িয়েছে, যা স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি। রিয়াদ থেকে ইউরোপগামী চার্টার বিমানের ভাড়া দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ২৯ লাখ টাকায়। বিমা জটিলতা এবং মালিকপক্ষের আপত্তির কারণে অনেক প্রতিষ্ঠান এই যুদ্ধাবস্থায় ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকছে, যা সংকটের মাত্রা আরও ঘনীভূত করেছে।

শুধুমাত্র ধনকুবেররাই নন, সাধারণ পর্যটকেরাও পড়েছেন চরম বিপাকে। পারস্য উপসাগরে অন্তত ছয়টি বিশালাকার প্রমোদতরি (ক্রুজ শিপ) আটকা পড়েছে, যেখানে হাজার হাজার যাত্রী নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। দুবাই পর্যটন বোর্ড হোটেলগুলোতে পর্যটকদের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেও অনেক রুশ পর্যটক অভিযোগ করেছেন, তাঁদের হয় অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে অথবা রিসোর্ট ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

এই সংকটময় পরিস্থিতিতে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতোকে নিয়ে রোমের রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শত শত ইতালীয় নাগরিক দুবাইয়ে আটকা পড়লেও মন্ত্রী সরকারি বিশেষ বিমানে একা ফিরে আসায় তাঁর পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দলগুলো। যদিও তিনি দাবি করেছেন, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে তিনি ফিরেছেন এবং তাঁর পরিবার এখনো দুবাইয়েই অবস্থান করছে।

বর্তমানে দুবাইয়ে অবস্থানরত বিদেশি নাগরিকরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছেন—একদল মরিয়া হয়ে ওমান সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছেন, দ্বিতীয় দল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় পাম জুমেইরাহর সৈকতে সময় কাটাচ্ছেন এবং অন্য দলটি সরকারি নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।


সূত্র: দ্য গার্ডিয়ান

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.