× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের সার্বভৌমত্বে আঘাত হানলে পাশে থাকবে চীন: মার্কিনদের হুঁশিয়ারি বেইজিংয়ের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ০১:০৫ এএম । আপডেটঃ ০৩ মার্চ ২০২৬, ০২:০৮ এএম

ইরানের সার্বভৌমত্ব ও আত্মরক্ষার অধিকারের পক্ষে বেইজিংয়ের পক্ষ থেকে জোরালো বার্তা দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযানের মুখে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় সরাসরি সমর্থনের কথা জানিয়েছে পরাশক্তি চীন। সোমবার (২ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক জরুরি টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট করে বলেন, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরানের ‘আত্মরক্ষার বৈধ অধিকার’ রয়েছে এবং বেইজিং এই সংকটে তেহরানের পাশে আছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওয়াং ই দুই দেশের দীর্ঘস্থায়ী ও ঐতিহ্যগত বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, “ইরান তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় যে পদক্ষেপ নিচ্ছে, তাতে চীনের পূর্ণ সমর্থন রয়েছে।” তিনি জোর দিয়ে বলেন, বেইজিং ইরানের বৈধ স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বৈশ্বিক মঞ্চে তেহরানের ওপর অন্যায্য চাপের বিরোধিতা করবে।

সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গেও কথা বলেন ওয়াং ই। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতাকে ‘ইচ্ছাকৃত উসকানি’ হিসেবে অভিহিত করে বলেন, এই আগ্রাসন জাতিসংঘের সনদের মূল নীতি ও লক্ষ্যকে চরমভাবে লঙ্ঘন করছে। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে চীন ন্যায়বিচার প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালন করতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারোটের সঙ্গে ফোনালাপে ওয়াং ই এক সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিশ্বকে আবারও ‘জঙ্গলের আইন’ বা ‘জোর যার মুল্লুক তার’ অবস্থায় ফিরিয়ে নেওয়ার ঝুঁকি তৈরি করছে। তিনি মন্তব্য করেন, কোনো বৃহৎ শক্তি তাদের সামরিক শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে খেয়ালখুশিমতো অন্য সার্বভৌম দেশের ওপর হামলা চালাতে পারে না।

চীনের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের পারমাণবিক ইস্যু বা বর্তমান সামরিক সংঘাত—কোনোটিরই সমাধান যুদ্ধ হতে পারে না। এর একমাত্র পথ হলো রাজনৈতিক ও কূটনৈতিক সংলাপ। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানান, যাতে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে বৈশ্বিক বিপর্যয় ডেকে না আনে।

বেইজিংয়ের এই কঠোর অবস্থান প্রমাণ করছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান সমীকরণে চীন কেবল পর্যবেক্ষক নয়, বরং তেহরানের অন্যতম প্রধান কৌশলগত ঢাল হিসেবে আবির্ভূত হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.