× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহবাজ শরিফের প্রশংসায় ট্রাম্প, সেনাপ্রধান অসীম মুনিরকে বললেন 'দুর্ধর্ষ যোদ্ধা'

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৭ পিএম । আপডেটঃ ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ওয়াশিংটনে নবগঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাহবাজ শরিফকে নিজের ‘পছন্দের মানুষ’ হিসেবে উল্লেখ করার পাশাপাশি আসিম মুনিরকে একজন ‘দুর্ধর্ষ ও সিরিয়াস যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিসে আয়োজিত এই সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে ট্রাম্প ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে তার ভূমিকার কথাও স্মরণ করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে ছড়িয়ে পড়া চার দিনের ভয়াবহ যুদ্ধের প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের সামনে আমাকে বলেছিলেন—প্রেসিডেন্ট ট্রাম্প ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়ে ২৫ কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন। এটি ছিল সত্যিই একটি চমৎকার স্বীকৃতি।”

২০২৫ সালের সেই সংঘাতের স্মৃতিচারণ করে ট্রাম্প বলেন, “সে সময় আকাশপথে যুদ্ধ চলছিল, একের পর এক যুদ্ধবিমান ভূপাতিত করা হচ্ছিল। আমি উভয় পক্ষকে ফোন করে বলেছিলাম—যদি যুদ্ধ বন্ধ না হয়, তবে যুক্তরাষ্ট্রের সাথে তোমাদের সব বাণিজ্যিক সুবিধা বাতিল করা হবে এবং ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তারা ব্যবসা হারাতে চায়নি, তাই মাত্র দুই-তিন দিনের মধ্যেই আমরা একটি সমাধান বের করতে সক্ষম হই।”

পাকিস্তানের বর্তমান নেতৃত্বের ওপর নিজের আস্থার কথা জানিয়ে ট্রাম্প বলেন, “আমি শাহবাজ শরিফকে পছন্দ করি। আর আপনাদের ফিল্ড মার্শাল (আসিম মুনির) একজন অসাধারণ মানুষ। তিনি অত্যন্ত কঠোর এবং একজন দক্ষ যোদ্ধা।” ট্রাম্প আরও যোগ করেন যে, অতীতে পাকিস্তানের সাথে বাণিজ্যিক দরকষাকষিতে কিছুটা মনমালিন্য হলেও বর্তমানে দেশটির সাথে আমেরিকার সম্পর্ক অত্যন্ত মজবুত।

সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে বলেন, “জাতিসংঘের ব্যাপক সম্ভাবনা থাকলেও তারা তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। আমরা ‘বোর্ড অব পিস’-কে শক্তিশালী করার মাধ্যমে বিশ্বশান্তি নিশ্চিত করতে চাই।” তিনি জানান, গাজা ও মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই এই বোর্ডের মূল লক্ষ্য। ওয়াশিংটন ইতোমধ্যে এই তহবিলে ৫ বিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবারই ওয়াশিংটন পৌঁছান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবসহ উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, এই সফর বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের কার্যকর ভূমিকারই প্রতিফলন।

উল্লেখ্য, এই সম্মেলনে সৌদি আরব, তুরস্ক, মিশর ও ইন্দোনেশিয়াসহ আটটি মুসলিম প্রধান দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন, যেখানে গাজা পুনর্গঠন ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কথা রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.