গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বখ্যাত বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বার্লিনালে) বর্জন করেছেন বুকারজয়ী ভারতীয় লেখিকা ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়। উৎসবের বিচারকমণ্ডলীর প্রধানের এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া এই উৎসবের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিচারকমণ্ডলীর প্রধান ও প্রখ্যাত জার্মান নির্মাতা ভিম ভেন্ডার্স। গাজা যুদ্ধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, ‘শিল্পকে রাজনীতি থেকে দূরে থাকা উচিত।’ ভেন্ডার্সের এই বক্তব্যকে গাজায় চলমান মানবিক সংকট নিয়ে আলোচনা স্তব্ধ করার অপচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন অরুন্ধতী রায়।
লেখিকা এক বিবৃতিতে বলেন, চলচ্চিত্র নির্মাতাদের ‘অরাজনৈতিক’ থাকার এই আহ্বান তাঁকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। তাঁর মতে, যখন বিশ্বজুড়ে এমন মানবিক বিপর্যয় চলছে, তখন শিল্পকে অরাজনৈতিক রাখার অর্থ হলো পরোক্ষভাবে অন্যায়কে সমর্থন করা।
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত অরুন্ধতী রায়ের চিত্রনাট্যে তৈরি কালজয়ী চলচ্চিত্র ‘হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’-এর একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে তাঁর বার্লিনে যাওয়ার কথা ছিল। কিন্তু ভিম ভেন্ডার্সের মন্তব্যে ‘মর্মাহত ও বীতশ্রদ্ধ’ হয়ে তিনি সেই সফর বাতিল করেন।
বিশ্ব চলচ্চিত্র যখন অরুন্ধতী রায়ের বর্জন নিয়ে উত্তাল, ঠিক তখনই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ১৫ সেকেন্ডের একটি ভিডিও হলিউডে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ‘সিড্যান্স ২.০’ নামক একটি এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি এই ভিডিওতে দেখা যায়, হলিউড সুপারস্টার টম ক্রুজ ও ব্র্যাড পিট একটি ধ্বংসপ্রাপ্ত সেতুর ওপর একে অপরের সঙ্গে লড়াই করছেন।
কেন চিন্তিত নির্মাতারা?
পূর্ববর্তী এআই প্রযুক্তির তুলনায় ‘সিড্যান্স ২.০’ অনেক বেশি উন্নত। এটি একই সঙ্গে নিখুঁত চিত্র ও শব্দের সংমিশ্রণ ঘটিয়ে অত্যন্ত সিনেম্যাটিক আউটপুট দিতে সক্ষম। ভিডিওটি প্রকাশের পর হলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার রেট রিজ সামাজিক মাধ্যমে লিখেছেন, “বলতে ঘৃণা হচ্ছে, সম্ভবত আমাদের (চিত্রনাট্যকারদের) কাজ এবার শেষ।”
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তির এই অভাবনীয় উন্নতি ভবিষ্যতে অভিনেতা ও কলাকুশলীদের কর্মসংস্থানকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দেবে।