ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় পুলিশের হাতে ধরা পড়েছেন এক অদ্ভুত চোর, যার লক্ষ্যবস্তু ছিল কেবল পুলিশ সদস্যদের বাড়ি। দীর্ঘ ১৫ বছর আগের এক অপমানের প্রতিশোধ নিতেই তিনি এই পেশা বেছে নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম দীপেশ, যাঁর বাড়ি রাজ্যের আলিরাজপুর জেলায়।
গত ২০ জানুয়ারি খান্ডওয়ার পুলিশ লাইনের ভেতরে গভীর রাতে কনস্টেবল করণপাল সিং ও সুরেশ খাটের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তদন্তের ভিত্তিতে দীপেশকে শনাক্ত করে পুলিশ। কয়েক দফা অভিযান শেষে বুরহানপুরের দিকে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তাড়া খেয়ে পালানোর চেষ্টাকালে ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি হাত ও পায়ে চোট পান। বর্তমানে চিকিৎসাধীন দীপেশকে পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদে দীপেশ স্বীকার করেছেন যে, তিনি চুরির জন্য বেছে বেছে শুধু পুলিশের বাড়িই নিশানা করতেন। এর কারণ হিসেবে তিনি ১৫ বছর আগের একটি ঘটনার কথা উল্লেখ করেন। সে সময় আলিরাজপুর জেলায় কর্তব্যরত এক পুলিশ সদস্য তাঁকে মারধর করেছিলেন। সেই চরম অপমানের প্রতিশোধ নিতেই দীপেশ পরবর্তী সময়ে পুলিশ লাইনের কর্মকর্তাদের বাড়িতে চুরির পরিকল্পনা শুরু করেন।
খান্ডওয়ার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীণ আর্য জানান, দীপেশ অত্যন্ত চতুরতার সঙ্গে তাঁর মিশন চালাতেন। কখনো রাস্তার ফেরিওয়ালা, কখনো ভবঘুরে সেজে পুলিশ লাইনের আশপাশে ঘোরাফেরা করতেন তিনি। রেকি শেষে সুযোগ বুঝে রাতের অন্ধকারে হানা দিতেন ঘরগুলোতে। খান্ডওয়ার অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র তারনেকর এই গ্রেপ্তারকে বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। অভিযানে তাঁর কাছ থেকে চুরির ৩০ হাজার টাকা ও কিছু অলঙ্কার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দীপেশের সহযোগী রমেশ ও ভুরালিয়া নামের আরও দুজন পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে তল্লাশি চালানো হচ্ছে।
সূত্র: এনডিটিভি