লিবিয়ার উপকূলে অবৈধভাবে ইউরোপ যাত্রার চেষ্টাকালে আটক হওয়া ১১০ জন বাংলাদেশি অভিবাসীকে স্বদেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লিবিয়ার অ্যান্টি-ইলিগ্যাল ইমিগ্রেশন এজেন্সির (ডিসিআইএম) শাহাত শাখা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের প্রত্যাবাসন নিশ্চিত করে। লিবীয় সংবাদ সংস্থা 'লানা'র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির দেরনা শাখা লিবিয়ার উপকূলীয় এলাকা দিয়ে অবৈধভাবে সমুদ্র পাড়ি দেওয়ার সময় এই ১১০ বাংলাদেশিকে আটক করে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে লিবীয় আইনের নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা (সিকিউরিটি রেস্ট্রিকশন) কার্যকর ছিল। আটক অভিবাসীদের পরবর্তী আইনি ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রথমে বেনগাজি শাখায় স্থানান্তর করা হয়। সর্বশেষ আমসেইদ সীমান্ত ক্রসিং দিয়ে তাঁদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
দেশটির অভিবাসন বিভাগ জানায়, অবৈধ অভিবাসন দমন এবং জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে লিবিয়া সরকার বর্তমানে বিশেষ অভিযান পরিচালনা করছে। এই উদ্যোগের অংশ হিসেবে একই সময়ে আরও ২৬ জন কাগজপত্রবিহীন মিশরীয় অভিবাসীকেও তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মানবপাচারকারীদের খপ্পরে পড়ে প্রতিবছরই হাজারো অভিবাসী লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা প্রতিরোধে লিবীয় কোস্টগার্ড ও অভিবাসন বিভাগ নিয়মিত অভিযান চালিয়ে আসছে।