ভারতের পাঞ্জাব রাজ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে জলন্ধর শহরের মডেল টাউন এলাকায় একটি শিখ উপাসনালয়ের (গুরুদুয়ারা) সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, লাকি ওবেরয় সকালে গুরুদুয়ারায় প্রার্থনা শেষে নিজের গাড়িতে ওঠার সময় হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে ৮ থেকে ১০ রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে অন্তত ৫টি গুলি লাকি ওবেরয়ের শরীরে বিদ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত লাকি ওবেরয় পাঞ্জাবের রাজনীতিতে একজন পরিচিত মুখ। তাঁর স্ত্রী সিমারজিত কৌর আম আদমি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে গত পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রাজ্যে ক্ষমতাসীন দলের একজন নেতার এমন মর্মান্তিক মৃত্যুতে পাঞ্জাবের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিধানসভার বিরোধীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, “পাঞ্জাবের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে পুরোপুরি ভেঙে পড়েছে, এই হত্যাকাণ্ড তারই প্রমাণ। খোদ ক্ষমতাসীন দলের নেতারাই যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। গুরুদুয়ারা ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো সুনির্দিষ্ট কারণ বা জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।