× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লিবিয়ায় গাদ্দাফি-পুত্র সাইফ আল-ইসলাম আততায়ীর হামলায় নিহত

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫ পিএম । আপডেটঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৬ পিএম

২০২১ সালে লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাইফ আল-ইসলাম গাদ্দাফি। এএফপি

লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির উত্তরসূরি ও একসময়ের প্রভাবশালী নেতা সাইফ আল-ইসলাম গাদ্দাফি (৫৩) আততায়ীর হামলায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাজধানী ত্রিপোলি থেকে ১৩৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জিনতান শহরে তাঁর নিজ বাসভবনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। চারজন সশস্ত্র বন্দুকধারী সাইফের বাসভবনের নিরাপত্তা ক্যামেরাগুলো অকেজো করে ভেতরে প্রবেশ করেন। এরপর বাগানে অবস্থানরত সাইফ আল-ইসলামকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। সাইফের রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

সাইফ আল-ইসলামের জীবন ছিল নানা নাটকীয়তায় ভরা। লন্ডন স্কুল অব ইকোনমিকসে শিক্ষিত সাইফ একসময় লিবিয়ার পশ্চিমাবান্ধব ও সংস্কারক মুখ হিসেবে পরিচিত ছিলেন। বাবার শাসনামলে কোনো আনুষ্ঠানিক পদ না থাকলেও তিনি ছিলেন দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। বিশেষ করে লিবিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগ এবং লকার্বি বোমা হামলার ক্ষতিপূরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন।


পতন ও বন্দিজীবন

২০১১ সালে আরব বসন্তের প্রভাবে গাদ্দাফি শাসনের পতন শুরু হলে সাইফ বিদ্রোহীদের দমনে কঠোর অবস্থান নেন। বাবার মৃত্যুর এক মাস পর নাইজারে পালিয়ে যাওয়ার পথে তিনি জিনতানের ‘আবু বকর সাদিক ব্রিগেড’ নামের এক মিলিশিয়া বাহিনীর হাতে বন্দী হন। দীর্ঘ ছয় বছর বন্দিজীবনের পর ২০১৭ সালে সাধারণ ক্ষমা আইনের আওতায় তিনি মুক্তি পান। ২০১৫ সালে ত্রিপোলির একটি আদালত যুদ্ধাপরাধের দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দিলেও তা কার্যকর করা হয়নি।


রাজনীতিতে ফেরার প্রচেষ্টা ও বিতর্ক

দীর্ঘ আত্মগোপন শেষে ২০২১ সালে সাইফ আল-ইসলাম লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। লিবিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরে তাঁর সেই প্রত্যাবর্তন অনেক অনুসারীর মধ্যে আশার আলো জাগালেও বিরোধী ও সশস্ত্র গোষ্ঠীগুলো তীব্র প্রতিবাদ জানায়। তাঁর প্রার্থিতা নিয়ে সৃষ্ট আইনি ও রাজনৈতিক বিরোধের জেরে শেষ পর্যন্ত লিবিয়ার নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যায় এবং দেশটি পুনরায় রাজনৈতিক অচলাবস্থায় নিমজ্জিত হয়।

সাইফ আল-ইসলামের এই আকস্মিক মৃত্যু লিবিয়ার অস্থির রাজনীতিতে নতুন কোনো মোড় নেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।


তথ্যসূত্র:আল–আরাবিয়া

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.