× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের দিকে মার্কিন ‘আর্মাডা’: ট্রাম্পের হুঁশিয়ারি

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৬, ২১:৫৫ পিএম । আপডেটঃ ২৩ জানুয়ারি ২০২৬, ২২:৪২ পিএম

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক তৎপরতা এবং অভ্যন্তরীণ বিক্ষোভে দমন-পীড়নকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি শক্তিশালী মার্কিন নৌবহর বা ‘আর্মাডা’ বর্তমানে ইরানের অভিমুখে অগ্রসর হচ্ছে। তেহরানকে সতর্ক করে তিনি জানিয়েছেন, কোনো অপ্রীতিকর পরিস্থিতি কাম্য না হলেও মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক শেষে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এই সামরিক পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, “আমাদের একটি আর্মাডা সেখানে যাচ্ছে। আমি আশা করি এটি ব্যবহারের প্রয়োজন পড়বে না, তবে আমরা তাদের গতিবিধির ওপর অত্যন্ত নিবিড়ভাবে নজর রাখছি।”

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন এবং বেশ কয়েকটি অত্যাধুনিক গাইডেড-মিসাইল ধ্বংসকারী জাহাজ আগামী কয়েক দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। মূলত ইরানের সম্ভাব্য হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষা নিশ্চিত করতেই এই অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে।

ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক দমন-পীড়ন চলছে। ট্রাম্প দাবি করেছেন, তার কঠোর হুমকির মুখে ইরান প্রায় ৮৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তিনি বলেন, “আমি স্পষ্ট জানিয়েছিলাম, যদি ওই মানুষদের ফাঁসি দেওয়া হয়, তবে ইরানের ওপর এমন আঘাত হানা হবে যা তারা আগে কখনো দেখেনি। নির্ধারিত সময়ের মাত্র এক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত পরিবর্তন একটি ইতিবাচক লক্ষণ।”

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) তাদের সাম্প্রতিক প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ইরান বর্তমানে প্রায় ৪৪০.৯ কেজি ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে, যা অন্তত ১০টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারা যদি আবারও পারমাণবিক কর্মসূচির পথে হাঁটে, তবে আমরা আবারও সমান শক্তিতে আঘাত হানব।”

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন ইরানজুড়ে ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর মতে, বিক্ষোভে নিহতের সংখ্যা ৪ হাজার ৫১৯ জন। তবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা দাবি করেছেন, নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে, যার মধ্যে ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এই ব্যাপক প্রাণহানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, প্রকৃত সংখ্যাটি কেউ নিশ্চিত না জানলেও এটি যে ভয়াবহ তা স্পষ্ট।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.