× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়াশিংটনকে ইরানের হুঁশিয়ারি: ‘আঙুল ট্রিগারে আছে’

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫৪ পিএম । আপডেটঃ ২৩ জানুয়ারি ২০২৬, ২১:৫৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর (ডানে) | ছবি: এএফপি

ইরানজুড়ে সাম্প্রতিক অস্থিরতা ও বিক্ষোভের জেরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর জানিয়েছেন, তাঁর বাহিনীর আঙুল এখন ‘ট্রিগারে’ রয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরের দিকে বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দিয়ে ইরানকে কড়া নজরদারিতে রাখার কথা জানিয়েছেন।

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) থেকে ফেরার পথে এয়ার ফোর্সে ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানান, পরিস্থিতির প্রয়োজনে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে শক্তিশালী নৌবহর মোতায়েন করছে। তেহরানের ওপর কড়া নজর রাখার ঘোষণা দিলেও ট্রাম্প বলেন, “আমি চাই না অনাকাঙ্ক্ষিত কিছু ঘটুক, তবে আমরা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছি।”

এর আগে গত মঙ্গলবার ট্রাম্প চরম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর কোনো হামলা বা মার্কিন স্বার্থে আঘাতের চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্র ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে দেবে’।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে নতি স্বীকার না করার ঘোষণা দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেন, ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানে বিক্ষোভের উসকানি দিচ্ছে। তিনি বলেন, “তারা ১২ দিনের যুদ্ধে পরাজিত হওয়ার প্রতিশোধ নিতে কাপুরুষোচিত পথ বেছে নিয়েছে।”

একই সুরে সুর মিলিয়ে বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শত্রুদেশগুলোর শিক্ষা নেওয়া উচিত। ভুল হিসাব কষলে তাদের আরও ‘যন্ত্রণাদায়ক ও বেদনাদায়ক’ পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, “বিপ্লবী গার্ড বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত এবং কমান্ডারের আদেশের অপেক্ষায় তাদের আঙুল ট্রিগারে রয়েছে।”

উল্লেখ্য, গত বছরের জুনে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ১২ দিনব্যাপী এক ভয়াবহ সংঘাত চলে। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক যুদ্ধাবস্থায় রয়েছে। সম্প্রতি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে তাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তাপ নতুন করে বৃদ্ধি পায়। যদিও বিক্ষোভ বর্তমানে নিস্তেজ হয়ে এসেছে, তবে পাল্টাপাল্টি বাগাড়ম্বর একটি বড় ধরনের আঞ্চলিক সংঘাতের শঙ্কা জাগিয়ে রাখছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.