আল-হক সেন্টার ফর অ্যাপ্লাইড ইন্টারন্যাশনাল ল
ফিলিস্তিনের তিনটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সহযোগিতা করার অভিযোগে তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংগঠনগুলো হলো আল-হক, প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ‘স্পেশালি ডিজাইনড ন্যাশনালস অ্যান্ড ব্লকড পারসনস লিস্ট’-এ এই সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, সংগঠনগুলো ইসরায়েলের সম্মতি ছাড়াই আইসিসির তদন্ত, গ্রেপ্তার ও বিচারের প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল।
এর আগে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন আইসিসির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল।
নিষেধাজ্ঞাকে ‘অমানবিক ও অনৈতিক’ আখ্যা
আল-হক, পিসিএইচআর এবং আল-মিজান—এই তিনটি সংগঠন যৌথ বিবৃতিতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত অমানবিক, বেআইনি ও গণতন্ত্রবিরোধী পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, ‘যখন আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা চলছে, তখন এ ধরনের নিষেধাজ্ঞা কাপুরুষোচিত ও অনৈতিক। কেবল মানবতার প্রতি সম্পূর্ণ অশ্রদ্ধাশীল রাষ্ট্রই মানবাধিকার সংগঠনগুলোর বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে পারে।’
উল্লেখ্য, আল-হক রামাল্লাহভিত্তিক একটি সংগঠন। তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলি অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, পিসিএইচআর ও আল-মিজান হলো গাজাভিত্তিক নিরপেক্ষ মানবাধিকার সংগঠন, যারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের যুদ্ধাপরাধ নথিভুক্ত করছে।
মানবাধিকারবিষয়ক আইনজীবী মোহসেন ফারশনেশানি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এগুলো ফিলিস্তিনের সবচেয়ে প্রভাবশালী তিনটি মানবাধিকার সংগঠন। দুঃখজনক হলেও আশ্চর্যজনক নয়, ট্রাম্পের এই প্রশাসন প্রতিবারই ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেয়।’
নিষেধাজ্ঞার ধারাবাহিকতা
এর আগে জুনে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি বন্দিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আদ্দামীর-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে বলেছিল, এই নিষেধাজ্ঞা সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতা কঠিন করে তুলবে।
একইভাবে, জুলাইয়ে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন-এর ওপরও নিষেধাজ্ঞা দেয়। একই সময়ে বাইডেন আমলে আরোপিত অবৈধ ইসরায়েলি বসতি ও সহিংস সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় ট্রাম্প প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
