× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লেবাননে আতঙ্কে বাংলাদেশিরা, আহত ৩

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৬ পিএম । আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৭ পিএম

লেবাননে লাখো বাংলাদেশি নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। যুদ্ধ চলমান থাকায় দূতাবাস যতটা তাদের নিরাপদে আশ্রয়ে রাখার চেষ্টা করছে। এ পর্যন্ত ৩ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের আইওএম’র মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত ওই বাংলাদেশিদের হাসপাতালে এখনো চিকিৎসা দেয়া হচ্ছে। গণমাধ্যমের সঙ্গে আলাপে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (লেবার) আনোয়ার হোসেন রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, যেসব স্থানে বাংলাদেশিরা জড়ো হয়েছে প্রত্যেক পয়েন্টেই দূতাবাসের খাদ্যসামগ্রী পৌঁছানো হয়েছে। কিন্তু পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। তিনি বলেন, দু’ঘণ্টা আগেই আক্রমণ হয়েছে। এদিকে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লেবানন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। দূতাবাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। কেউ নিজ উদ্যোগে দেশে ফিরতে চাইলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেই সর্বাত্মক সহযোগিতার সিদ্ধান্ত হয়েছে। এদিকে গোলযোগপূর্ণ দক্ষিণ বৈরুত থেকে আগেই বাংলাদেশিদের সরে যেতে অনুরোধ করেছে দূতাবাস। লেবাননে চলমান ইসরাইলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুত বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে। সেখান থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে গত শুক্রবার। ওইদিন রাতে বৈরুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত এক সপ্তাহ ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান আক্রমণ চলছে। আক্রমণ দেখে বোঝা যাচ্ছে, দাহি এবং এর নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক। এ অবস্থায় যেসব বাংলাদেশি প্রবাসী এখনো ওই সব এলাকায় বসবাস করছেন, তাদের দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হবে। বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় তাদের অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হলো। জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং [email protected] এই ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করে দূতাবাস। উল্লেখ্য, চলমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের লেবানন ত্যাগ করার বার্তা দিয়েছে দেশটির দূতাবাস। পাশাপাশি দিল্লির তরফে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া এই সময়ে নাগরিকদের লেবাননে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ভারত সরকার।
 

বিষয় : লেবানন

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.