সোমালিয়ার রাজধানী মোগাদিসু ও দেশটির মধ্য শাবেল অঞ্চলের একটি শহরে একই দিনে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী আল শাবাব প্রায়ই মোগাদিসু ও হর্ন অব আফ্রিকার অন্যান্য স্থানে বোমা হামলা ও বন্দুক হামলা করে আসছে।
মোগাদিসুতে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোগাদিশুর ন্যাশনাল থিয়েটারের কাছে একটি রাস্তায় পার্ক করা বোমাভর্তি একটি গাড়ি বিস্ফোরণ ঘটে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য রয়টার্সকে বলেন, এই বিস্ফোরণে পাঁচজন নিহত ও সাতজন আহত হয়। হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন ওই এলাকার আরেক পুলিশ সদস্য।
ওদিকে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে সোমালিয়ার মধ্যাঞ্চলীয় শাবেল অঞ্চলের জওহর শহরে। জওহর শহরের পুলিশ কমান্ডার বশির হাসান জানান, সোমালিয়ার মধ্যাঞ্চলীয় শাবেল অঞ্চলের জওহর শহরের একটি পশুর বাজারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একজন নিহত ও অপর তিন বেসামরিক মানুষ আহত হয়েছে।
আল শাবাব সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে উৎখাত করতে এবং ইসলামি শরিয়া আইনের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে নিজস্ব শাসন প্রতিষ্ঠার জন্য কয়েক বছর ধরে লড়াই করছে।