বাংলাদেশি চিকিৎসা পদার্থবিদ অধ্যাপক ও জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা ড. গোলাম আবু জাকারিয়া শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে চলতি বছর জার্মান সরকারের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি ফেডারেল ক্রস অব মেরিট অর্জন করেছেন।
প্রথম কোনো বাংলাদেশি এবং বাঙালি হিসেবে এমন বিরল সম্মাননা পেলেন শিক্ষাবিদ ড. গোলাম আবু জাকারিয়া ।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় জার্মানির ভিল শহরে বুর্গহাউস বিয়েলস্টাইন ভবনে অধ্যাপক গোলাম আবু জাকারিয়ার হাতে সম্মাননা সনদ তুলে দেন ভিলের লান্ডার্ট (জেলা প্রশাসক) ইয়োখেন হাগট৷ জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের পক্ষ থেকে ‘ফেডারেল ক্রস অব মেরিট' স্মারকটিও অধ্যাপক জাকারিয়াকে পরিয়ে দেন তিনি৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভিল শহরের মেয়র উলরিখ স্ট্যুকার, জার্মান আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল, জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজনীতি) তানভীর কবির, জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ সহ প্রবাসি বাঙালিরা।
৭০ বছর বয়সি ড. জাকারিয়ার জন্ম বাংলাদেশের নওগাঁর ইকরকুড়ি গ্রামে৷ ইন্টারমিডিয়েটের পর ভর্তি হয়েছিলেন দেশের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে৷ কিন্তু দেশ স্বাধীনের পরের বছর বৃত্তিধারী শিক্ষার্থীদের একজন হয়ে প্রথম ব্যাচেই জার্মানিতে পা রাখেন তিনি৷ শুরুতে জার্মান ভাষা রপ্ত করার দিকে মনোযোগী হয়েছিলেন তিনি৷ ভাষাটা শেখার পর প্রকৌশল বিদ্যার কথা ভুলে মেডিক্যাল ফিজিক্স বিষয়ে উচ্চতর ডিগ্রি নেয়ার সিদ্ধান্ত নেন তিনি৷
সফল এই মানুষটি পরবর্তীতে দেশটির আনহাল্ট ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সের ক্লিনিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপনা করেছেন৷ এছাড়াও কোলন বিশ্ববিদ্যালয়ের গ্যুমারসবাখ টিচিং হাসপাতালের মেডিকেল ফিজিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন ।
ক্যানসার চিকিৎসায় অসামান্য অবদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ড. জাকারিয়া অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন৷