× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৃত কলেজছাত্রের ৭০ শতাংশ চিকিৎসা বিল মওকুফ, মানবিক সাড়া হাসপাতাল কর্তৃপক্ষের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৬ নভেম্বর ২০২৬, ০০:০৫ এএম । আপডেটঃ ২৬ নভেম্বর ২০২৬, ০০:১৭ এএম

ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের উদ্যোগ, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের সক্রিয় হস্তক্ষেপ এবং বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটাল কর্তৃপক্ষের মানবিক সাড়ায় মৃত কলেজছাত্র মোহাম্মদ আহাদের (১৮) পরিবারের ৭০ শতাংশ চিকিৎসা বিল মওকুফ করা হয়েছে। শোকের মাঝে আইসিইউর ব্যয়বহুল বিল পরিশোধে অক্ষম দরিদ্র পরিবারটির জন্য এ সিদ্ধান্ত বড় স্বস্তি এনে দিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাংলা কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী আহাদ প্রথমে জ্বর এবং পরে খিঁচুনিতে আক্রান্ত হয়ে মস্তিষ্কে জটিলতা নিয়ে সংকটাপন্ন অবস্থায় ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা অসচ্ছল পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার জন্য চেষ্টা করছিলেন।

চিকিৎসকের পর্যবেক্ষণে ‘ব্রেন ডেথ’-এর বিষয়টি সামনে আসার পর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে করে নেওয়ার পথেই মারা যায় ১৮ বছর বয়সী আহাদ।

শোকাবহ এই পরিস্থিতিতে পুরো বিল মেটানোর সামর্থ্য ছিল না হতদরিদ্র পরিবারটির। বিষয়টি জানতে পেরে দ্রুত মানবিক উদ্যোগ নেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও ২৯ নম্বর ওয়ার্ডের ভোটার ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রীর একান্ত সহযোগী রাকিব ও আরশের তাৎক্ষণিক তৎপরতায় পুরো বিষয়টি দ্রুত গতি পায়। তাঁদের সমন্বয় ও সুপারিশে প্রক্রিয়াগুলো নির্বিঘ্নে এগোয় এবং বিলসংক্রান্ত জটিলতায় মরদেহ আটকে রাখার মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

ঘটনাস্থলে দ্রুত সক্রিয় ভূমিকা রাখেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ। তিনি সরেজমিনে হাসপাতালে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, স্বজনদের সঙ্গে কথা বলেন এবং বিল মওকুফের বিষয়ে উদ্যোগ ও আবেদন জানান।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের তদারকি ও আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটালের মালিক কর্তৃপক্ষ ও পরিচালক মায়েদুন নাহিন মানবিক বিবেচনায় ৩০ শতাংশ বিল গ্রহণ করে বাকি ৭০ শতাংশ মওকুফ করেন।

সংশ্লিষ্টদের মতে, বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক মানেই সর্বক্ষেত্রে বাণিজ্যিক মনোভাব বা অনাকাঙ্ক্ষিত আচরণ—এমন ধারণায় ইতিবাচক বার্তা দিয়েছে এই ঘটনা। জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বিত সাড়ায় শোকাহত পরিবারটি বড় আর্থিক চাপ ও ভোগান্তি থেকে রক্ষা পেয়েছে, যা সংকটকালে প্রাতিষ্ঠানিক সহানুভূতির একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.