× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, সাড়ে ৩ মাসে মৃত্যু ৭১৬

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ জুন ২০২৬, ১৯:৪৩ পিএম । আপডেটঃ ৩০ জুন ২০২৬, ০৩:১৩ এএম

হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে শিশুরা। ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাড়ে তিন মাসে এই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৪৫টি শিশু এই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। যার ফলে আক্রান্তের মোট সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১২ হাজার।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ঢাকায়। এছাড়া সিলেট ও ময়মনসিংহে একজন করে শিশু মারা গেছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৪১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে এবং ১ হাজার ৪ জনের মধ্যে এই রোগের তীব্র উপসর্গ দেখা গেছে।

সরকারি হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১২ হাজার ৬২টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ জনের এবং হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ২১১টি শিশুর শরীরে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সাড়ে তিন মাসে রোগাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৮৩ হাজার ৮০৬টি শিশুকে। তবে আশার কথা হলো, চিকিৎসা শেষে এ পর্যন্ত ৮০ হাজার ১৯৩ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কেবল গত ২৪ ঘণ্টাতেই ৯৬২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৪১ জন।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হঠাৎ হামের এই প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তবে যেভাবে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। তাতে জনমনে উদ্বেগ বেড়েই চলেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.