ফিফা বিশ্বকাপের টিকিট ঘিরে অনলাইনে বেড়েছে প্রতারকদের তৎপরতা। বিভিন্ন লোভনীয় অফার দিয়ে দর্শকদের অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রগুলো। প্রতীকী ছবি
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের নক-আউট পর্বের উন্মাদনার সুযোগ নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সাথে এক অভিনব ও পরিশীলিত জালিয়াতির ফাঁদ পেতেছে আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। সম্প্রতি মেক্সিকোতে সক্রিয় এমন একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান মিলেছে, যারা ভুয়া টিকিট বিক্রির মাধ্যমে ফুটবল ভক্তদের কাছ থেকে প্রায় ১৭ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা) আত্মসাৎ করেছে বলে তদন্তে উঠে এসেছে।
জেনারেটিভ এআই, ডোমেইন স্পুফিং ও রিয়েল-টাইম কার্ড স্কিমিংয়ের মতো উচ্চপ্রযুক্তি ব্যবহার করে টিকিট বিক্রির নামে ইতোমধ্যেই লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছে এই চক্রটি।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, মেক্সিকোর ওই চক্রের একজন সন্দেহভাজন একাই ৬০টি ভুয়া টিকিট বিক্রি করে ম্যাচের দিন ক্রেতাদের সাথে দেখা করার প্রতিশ্রুতি দিয়ে উধাও হয়ে যায়। জালিয়াতির এই ভয়াবহতা নিশ্চিত করে বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান 'ক্লাউডসেক' (CloudSEK) জানিয়েছে, তারা অন্তত ৪০টি ভুয়া ফিফা টিকিটিং ওয়েবসাইট এবং ১৫ জন সক্রিয় সাইবার অপরাধীর সমন্বয়ে গঠিত একটি বড় নেটওয়ার্ক শনাক্ত করেছে। এসব ক্লোন ওয়েবসাইট ‘লাস্ট-মিনিট টিকিট’ কিংবা ‘ভিআইপি হস্পিটালিটি’-র মতো লোভনীয় অফার দিয়ে আসল প্ল্যাটফর্মের লোগো, ফন্ট ও ইন্টারফেস হুবহু নকল করে দর্শকদের ফাঁদে ফেলছে।
প্রযুক্তির অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবার জেনারেটিভ এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহারের কারণে প্রতারণার ধরন চেনা কঠিন হয়ে পড়েছে। আগে ফিশিং ই-মেইলে ভাষাগত ত্রুটি দেখে সন্দেহ করার সুযোগ থাকলেও, এখন এআই-এর মাধ্যমে নিখুঁত ও বহুভাষিক বার্তা পাঠানো হচ্ছে। এমনকি এআই-চালিত চ্যাটবট স্বয়ংক্রিয়ভাবে ক্রেতাদের বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর দিয়ে ভুয়া অর্ডার নিশ্চিতকরণ স্ক্রিনশটও তৈরি করে দিচ্ছে।
অপরাধীদের পাতা এই ডিজিটাল ফাঁদে পা দিয়ে ফুটবলপ্রেমীরা কেবল বিপুল অঙ্কের অর্থই হারাচ্ছেন না, বরং ব্যাংকিং কার্ডের গোপন নম্বর, ওটিপি এবং সংবেদনশীল ব্যক্তিগত ডেটাও খোয়াচ্ছেন। "অফিসিয়াল পোর্টাল ক্লোন করে অপরাধীরা ম্যান-ইন-দ্য-মিডল ফিশিং ও ওটিপি ইন্টারসেপশন প্রযুক্তির সাহায্যে রিয়েল-টাইম কার্ডের তথ্য চুরি করছে," বলে সতর্ক করেছেন ক্লাউডসেকের তদন্তকারীরা।
সেমিফাইনাল পর্ব ঘনিয়ে আসার মুখে টিকিটের সংকটকে পুঁজি করে চলা এই বৈশ্বিক জালিয়াতি রুখতে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা, আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা এবং সাইবার নিরাপত্তা দলগুলো যৌথ অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বেশ কিছু ভুয়া ওয়েবসাইট ও ডোমেইন জব্দ করা হলেও ইন্টারনেটের বিস্তৃতির কারণে এই ঝুঁকি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়নি। ফলে দর্শকদের কেবল অফিশিয়াল ফিফা প্ল্যাটফর্ম থেকেই টিকিট কেনার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
