পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাথে পর্যালোচনা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশব্যাপী চলমান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তা বাঁচিয়ে রাখতে প্রতি তিন মাস পর পর হালনাগাদ তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে আয়োজিত এক বিশেষ অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় তিনি এই তাগিদ দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় অনুষ্ঠিত এই নীতি নির্ধারণী সভায় পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন। সভার শুরুতে জানানো হয়, গত ১৩ জুন কর্মসূচি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত সারা দেশে ৩ কোটি ৫৭ লাখ গাছের চারা সফলভাবে রোপণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "সিগনেচার প্রজেক্ট আমার হতে পারে, কিন্তু এটার উপকার আমরা সকলেই পাব। আপনি যদি এতটুকু মনে করেন যে এটার উপকার আমরা সবাই পাব, সে ক্ষেত্রে আমি মনে করি, আপনাদের সকলের এগিয়ে আসা উচিত। সকলে মিলে চেষ্টা করলে আমরা সবার জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি করতে পারব।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "বাচ্চাদের পরিবেশ বিষয়ে সচেতন করে তুলতে হবে। আমি নিজেও বাচ্চাদের সাথে দেখা হলে বলি যে তোমার বার্থডেতে তুমি একটা গাছ রোপণ করবে। শুধু অনুশাসন দিয়ে সবকিছু হয় না, পরিবেশ পরিচ্ছন্ন ও সবুজ রাখতে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।"
পরিবেশ রক্ষায় শিশুদের সম্পৃক্ত করা ছাড়াও সভায় পার্বত্য অঞ্চলের উজাড় হয়ে যাওয়া বনভূমির পুনঃবনায়ন, মা গাছ সংরক্ষণ, সুন্দরবনের সুরক্ষা ও পরিধি বাড়ানো এবং প্রণোদনামূলক ছাদবাগান সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া চারার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী 'সবুজ কর্মসংস্থান' সৃষ্টিতে আগামী বছর দেশজুড়ে ৫০৩টি নতুন নার্সারি তৈরির পরিকল্পনার কথা জানান পরিবেশমন্ত্রী।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, বিপুল সংখ্যক চারা রোপণের পর নিয়মিত ট্র্যাকিং ও রক্ষণাবেক্ষণের এই ডিজিটাল বা প্রশাসনিক পর্যবেক্ষণ ব্যবস্থা দেশে পরিবেশবান্ধব সবুজ বলয় তৈরিতে একটি টেকসই দৃষ্টান্ত স্থাপন করবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
