টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে শহরের প্রধান সড়ক। বুকসমান পানি ভেঙে ঝুঁকি নিয়ে চলছে রিকশা ও গণপরিবহন। এএফপি
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় দেশজুড়ে চলমান লঘুচাপ ও টানা ভারী বর্ষণ আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের ছয়টি বিভাগে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে, টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত ছয়টি প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং পার্বত্য জেলাগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগান স্টেশনে। এছাড়া কুতুবদিয়ায় ৩০০, চট্টগ্রামে ২৪৯, বান্দরবানে ২৩াস এবং রাঙামাটিতে ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। টানা এই বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় স্মরণকালের তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার ফলে গত তিন দিনে পাহাড় ধসের পৃথক ঘটনায় অন্তত ২৩ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই এবং পার্বত্য অঞ্চলের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত করেছে। এর মধ্যে হবিগঞ্জের বল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ২২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, "উজানে ভারতের আসাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশের নদীগুলোতে পানি আরও বাড়বে। তিস্তা নদী ইতিমধ্যে ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় যেকোনো মুহূর্তে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে।"
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হবে। তবে স্বস্তির খবর হলো, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বৃষ্টিপাতের এই তীব্র প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, একদিকে উজান থেকে আসা ঢল এবং অন্যদিকে সমুদ্রের জোয়ারের কারণে দেশের উপকূলীয় ও নদী অববাহিকার জেলাগুলোতে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের তীব্র ঝুঁকির কারণে ঝুঁকিপূর্ণ ঢালু স্থান থেকে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং জরুরি ত্রাণ তৎপরতা জোরদার করা এখন প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
