সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল বঙ্গোপসাগর। ছবি: গেটি
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ‘সুস্পষ্ট লঘুচাপে’ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৪ জুলাই) আবহাওয়া দপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। তবে বাংলাদেশে তীব্র ঝড়ের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উদ্ভূত পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট এই লঘুচাপটি ধাপে ধাপে ঘনীভূত হয়ে আজ শনিবার এই রূপ নেয়।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, “এটা আসলে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের ওপর দিয়ে যাবে। আমাদের এখানে কিছু ‘প্রেসার গ্রেডিয়েন্টের’ (বায়ুচাপের তারতম্য) কারণে প্রভাব থাকবে। লঘুচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। আমরা ডান পাশে থাকায় কিছুটা প্রভাব তো পড়বেই। তবে সেটার মূল প্রভাব হবে বৃষ্টি।”
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুঁড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
