বিদায় নিয়েছে শীতের আমেজ, প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্তের দাপট। তবে এর মাঝেই আগাম তপ্ত হওয়ার বার্তা দিচ্ছে আবহাওয়া। সদ্য শুরু হওয়া মার্চ মাসে দেশজুড়ে তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধির পাশাপাশি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে বজ্রঝড় ও তীব্র কালবৈশাখীরও আভাস রয়েছে।
রোববার (১ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১-২টি মৃদু (৩৬–৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮–৩৯.৯°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে জনজীবনে ভ্যাপসা গরমের অস্বস্তি বাড়তে পারে।
তাপদাহের পাশাপাশি মার্চ মাসজুড়ে প্রকৃতিতে অস্থিরতা দেখা দিতে পারে। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর হলো, এই মাসে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই এবং সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাত ও তাপমাত্রার এই পরিবর্তনের মধ্যেও দেশের প্রধান নদ-নদীগুলোতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে। সেচ বা নৌ-চলাচলের ক্ষেত্রে বড় ধরনের কোনো সংকটের পূর্বাভাস আপাতত নেই।
প্রকৃতির এই রূপবদল মাথায় রেখে কৃষক ও শ্রমজীবী মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দুপুরের কড়া রোদ ও বজ্রঝড়ের সময় বাড়তি সাবধানতা জরুরি।