অ্যান্টার্কটিক মালভূমির পৃষ্ঠ
বর্তমানে পৃথিবীর শীতলতম স্থান পূর্ব অ্যান্টার্কটিকার মালভূমি। সেখানকার তাপমাত্রা মাইনাস ৯৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। অ্যান্টার্কটিকা বরফের চাদরে ঢাকা থাকে সারা বছর। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, সেখানকার তাপমাত্রা মাইনাস ৯৩ ডিগ্রিতেও পৌঁছেছিল। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক জার্নাল জিওফিজিক্যাল রিসার্চ লেটারস-এ প্রকাশিত তথ্য মতে, তাপমাত্রা আরও নিচেও নেমে যায় কখনো কখনো।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো-বোল্ডারের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের জ্যেষ্ঠ গবেষক টেড স্ক্যাম্বোস বলেন, ‘ভূপৃষ্ঠের তাপমাত্রা সম্ভবত এর চেয়ে কম হওয়া সম্ভব না।’
কিন্তু অতীতে এটা শীতলতম স্থান ছিল না। ২০১০ সালে অ্যান্টার্কটিকার ভস্টক রিসার্চ স্টেশন ছিল সবচেয়ে শীতল স্থান। এটি অ্যান্টার্কটিকার ভৌগলিক দক্ষিণ মেরু থেকে ১ হাজার ৩০১ কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস ৮৯.২ ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের জার্নাল অব জিওফিজিক্যাল রিসার্চ-এ প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, ‘পরিস্থিতি অনুযায়ী ভস্টক স্টেশনের তাপমাত্রা মাইনাস ৯৬ ডিগ্রিও হতে পারে।’ অর্থাৎ আগে এটাই ছিল পৃথিবীর কোনো স্থানের সর্বনিম্ন তাপমাত্রা। জলবায়ু পরিবর্তনের ফলে এখন পূর্ব অ্যান্টার্কটিকার মালভূমির তাপমাত্রা আরও কমে গেছে, নেমে গেছে সর্বনিম্ন সীমায়।
সেখানে মানুষ স্থায়ীভাবে বাস করে না। ফলে তীব্র শীতেও কারো তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু মানুষ নিয়মিত বাস করে, এরকম স্থানের সর্বনিম্ন তাপমাত্রা কত? উত্তর, মাইনাস ৭১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ওয়মিয়াকন গ্রামটি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান, যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে। এখানে যারা বাস করে, তারা মূলত পেশায় হরিণ পালক। গ্রামটির গড় তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন মাইনাস ৭১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯২৪ সালে।
উত্তর গোলার্ধে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গ্রিনল্যান্ডের ক্লিঙ্ক ওয়েদার স্টেশনে। গ্রিনল্যান্ডের বরফের চাদরের মাঝে একটি আবহাওয়া অফিস এটি। ১৯৯১ সালে সেখানে মাইনাস ৬৯ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এ আবহাওয়া অফিসটি গ্রিনল্যান্ডের সবচেয়ে উঁচু স্থান গুনবিয়র্নের কাছাকাছি ৩ হাজার ১০৫ মিটার উচ্চতায় অবস্থিত। এর আগে উত্তর গোলার্ধের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস ৬৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বিশ্বের শীতলতম শহর: এই রেকর্ডটিও রাশিয়ার দখলে। রাশিয়ার ইয়াকাটস্ক শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস ৬২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের ১৮ জানুয়ারি এ রেকর্ড গড়ে শহরটি। এর আগে ১৮৯১ সালের ফেব্রুয়ারিতে সর্বনিম্ন মাইনাস ৬৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এ শহরেই। ২ লাখ ৫০ হাজার মানুষের এ শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৯৫ মিটার ওপরে লেনা নদীর পশ্চিম তীরে অবস্থিত। তাই শীতকালে শহরটি বরফের কুয়াশায় সম্পূর্ণ ঢেকে যায়।
বিষয় : অ্যান্টার্কটিক মালভূমির পৃষ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
