১৯ আগস্ট ২০২৬ তারিখে তেজগাঁওয়ে রবির করপোরেট অফিসে ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এবং রবির সিইও জিয়াদ সাতারাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবি: সংগৃহীত
দেশের সবচেয়ে বেশি ডেটা ব্যবহার হওয়া অঞ্চল বৃহত্তর ঢাকাজুড়ে মোবাইল নেটওয়ার্কের ব্যাপক আধুনিকায়ন কাজ সম্পন্ন করার মাধ্যমে রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক সরবরাহের দাবি করেছে রবি আজিয়াটা পিএলসি। বুধবার (১৯ আগস্ট) ঢাকার তেজগাঁওয়ে রবির করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চার হাজার ৮০০টিরও বেশি সাইটে নতুন প্রজন্মের ‘গিগা গ্রিন ৪জি/৫জি রেডি’ প্রযুক্তির নেটওয়ার্ক স্থাপনের চূড়ান্ত মাইলফলক উন্মোচন করা হয়। আন্তর্জাতিক মানের দ্রুতগতির ডেটা, পরিষ্কার ভয়েস কল এবং ঘরের ভেতরে শক্তিশালী কভারেজ নিশ্চিত করতে গৃহীত এ কর্মসূচিতে গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নত হওয়াসহ ২০ শতাংশ কল ড্রপ হ্রাস পাওয়ার তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে আধুনিকায়নের প্রযুক্তিগত তথ্য তুলে ধরে রবির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেরিহান এলহামে আহমেদ মেতাওয়েহ জানান, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জসহ পুরো ঢাকায় ৪,৮০০টিরও বেশি সাইট কোনো সেবা বিঘ্নিত না করেই রূপান্তর করা হয়েছে। নতুন এ বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির কারণে প্রতি জিবি ডেটা ব্যবহারে বিদ্যুৎ খরচ ২০ শতাংশ কমেছে এবং বৃহত্তর ঢাকা ও গাজীপুরের গ্রাহকরা ইনডোরে আগের চেয়ে তিন গুণ ভালো সংযোগ পাচ্ছেন। বর্তমানে হাতে গোনা কয়েকটি এলাকায় আধুনিকায়ন শেষ পর্যায়ে রয়েছে এবং পর্যায়ক্রমে সেমি-আরবান এলাকাগুলোতেও কভারেজ জোরদার করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম রবির এই বড় অংকের বিনিয়োগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আমাদের সরকার বেসরকারি খাতের বিনিয়োগের মাধ্যমে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের আরও ভালো সেবা দিতে রবির নেটওয়ার্কে বড় বিনিয়োগ দেখে আমি উৎসাহিত। সব নাগরিকের কাছে ডিজিটাল সুবিধা পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত।”
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, “শিল্পখাত আরও পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সেবার মানই এখন প্রতিযোগিতার প্রধান বিষয় হয়ে উঠেছে। ঢাকার নেটওয়ার্ক নতুন করে সাজিয়ে রবি তার প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াচ্ছে দেখে আমি আনন্দিত।”
আন্তর্জাতিক মানদণ্ড ও নেটওয়ার্কের গতি ধরে রাখার অবিশ্বাস্য প্রচেষ্টার কথা স্মরণ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী রবির প্রযুক্তি টিমের প্রশংসা করেন। তিনি বলেন, “একজন প্রকৌশলীগুরু হিসেবে আমি বুঝতে পারি, মাত্র তিন মাসে প্রায় ৫,০০০টি সাইটে কাজ সম্পন্ন করা একটি অবিশ্বাস্য ও বিস্ময়কর অর্জন। ডিজিটাল বৈষম্য দূর করতে এই মুহূর্তে আমাদের ঠিক এ ধরনের উদ্যোগই প্রয়োজন।”
রবির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জিয়াদ সাতারা বলেন, “ঢাকায় এখন রবির নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী। শীঘ্রই চট্টগ্রামের নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ হলে আমাদের সেবার শ্রেষ্ঠত্ব শুধু বিজ্ঞাপনে নয়, বাস্তব নেটওয়ার্ক অভিজ্ঞতাতেও দৃশ্যমান হবে।” তিনি বলেন, “নতুন সাইটের জায়গা পাওয়া এখন ক্রমেই কঠিন হয়ে উঠছে। সার্বিক সুবিধা দিতে সাইট স্থাপনে প্রয়োজনীয় জায়গা পেতে আমরা মন্ত্রণালয় ও বিটিআরসির জরুরি সহযোগিতা চাই।”
উল্লেখ্য, ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে নেটওয়ার্ক সম্প্রসারণে ৯,৩৩১ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে রবি। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকেই (Q2) প্রতিষ্ঠানটি ৭২১.৬ কোটি টাকা বিনিয়োগ করে ১৯,৬০০টি ৪জি সাইটের মাধ্যমে দেশের ৯৮.৯৮ শতাংশ জনগোষ্ঠীকে কভারেজের আওতায় এনেছে। রবির দাবি, এ নেটওয়ার্ক আধুনিকায়নের সুফল সবচেয়ে বেশি পাবে তাদের তরুণকেন্দ্রিক ডিজিটাল ব্র্যান্ড 'সার্কেল'-এর গ্রাহকরা, যারা গেমিং, ভিডিও স্ট্রিমিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ও নিরবচ্ছিন্ন ডেটা উপভোগ করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
