ঢাকা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত '৫ম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬'-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। ছবি: প্রেস অ্যান্ড মিডিয়া উইং, ডিডিএস
পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, "সমাজকে প্রগতিশীল, বৈষম্যহীন ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে বিতর্ক চর্চার কোনো বিকল্প নেই।" তিনি বলেন, যুক্তির মাধ্যমে সত্য অন্বেষণের এই সংস্কৃতি তরুণদের নেতৃত্বের গুণাবলী বিকশিত করে। ঢাকা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত তিন দিনব্যাপী 'কোকা-কোলা প্রেজেন্টস ৫ম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬'-এর শুভ উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে সফলভাবে সম্পন্ন হওয়া এই যুক্তির মহাযজ্ঞে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধা ও প্রজ্ঞার লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ে বিইউপি, কলেজে নটর ডেম এবং স্কুল পর্যায়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
উদ্বোধনী বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি তরুণ প্রজন্মের উদ্দীপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষা এবং এর সর্বাঙ্গীন অবকাঠামোগত উন্নয়নে সরকার সর্বদা পাশে থাকবে বলে দৃঢ় আশ্বাস প্রদান করেন।
মুক্তচিন্তা, যুক্তিবোধ ও প্রজ্ঞার বিকাশের লক্ষ্যে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) আয়োজিত এই বিতর্ক উৎসবটি দেশের অন্যতম সেরা বিতর্ক মেলবন্ধন হিসেবে প্রশংসিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬৪টি বিতর্ক দল নিজেদের তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রতিযোগিতার সমাপনী ও চূড়ান্ত পর্ব শেষে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী দলগুলো নির্ধারিত হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।
কলেজ পর্যায়ে স্বাগতিক ঢাকা কলেজকে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় নটর ডেম কলেজ। অন্যদিকে, স্কুল পর্যায়ে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি ও টুর্নামেন্ট ডিরেক্টর আজিজুর রহমান পারভেজ বলেন, "এই প্রতিযোগিতা কেবল জয়-পরাজয়ের কোনো মঞ্চ ছিল না, এটি ছিল সারা বাংলাদেশের দূর-দূরান্ত থেকে আসা অত্যন্ত মেধাবী বিতার্কিকদের ধারণা ও চিন্তার এক মহামিলনমেলা। আমাদের মূল লক্ষ্য ছিল বিতর্ক প্রতিযোগিতার মান বজায় রেখে এটিকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় টুর্নামেন্ট হিসেবে উপস্থাপন করা, যা আমরা অর্জনে সক্ষম হয়েছি। এই দীর্ঘ ও সুসংগঠিত আয়োজনকে সফল রূপ দিতে যারা রাত-দিন পরিশ্রম করেছেন—সেইসব ভলান্টিয়ার, দূরদর্শী বিচারকমণ্ডলী, অংশগ্রহণকারী বিতার্কিক, কলেজ প্রশাসন এবং আমাদের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
জাতীয় পর্যায়ের এই বিশাল মেধা বিকাশ আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অবদান রেখেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড 'কোকা-কোলা'। এছাড়া সহ-পৃষ্ঠপোষক হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করেছে 'ঢাকা ব্যাংক' এবং শিক্ষাভিত্তিক প্রতিষ্ঠান 'ভার্বোলিক্স'। মুক্তচিন্তা ও যুক্তিবাদী সমাজ গঠনে এ ধরনের জাতীয় প্রতিযোগিতা তরুণদের ইতিবাচক নেতৃত্বের পথে এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
