জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধূমালীবাড়ী এলাকার ঢাকাস্থ বাসিন্দাদের উদ্যোগে ‘ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশন’ নামে একটি নতুন অরাজনৈতিক ও সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। একই সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের লক্ষ্য ও নীতিমালা অনুমোদনসহ ড. আমানুল্লাহ আমানকে সভাপতি এবং রাশেদ করিমকে সেক্রেটারি করে ৯ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের রুফটপ ক্যাফেতে এক দোয়া ও আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ড. আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঢাকায় বসবাসরত ধূমালীবাড়ী এলাকার সর্বস্তরের প্রতিনিধিরা অংশ নেন। সভায় উপস্থিত সদস্যদের বিশদ আলোচনা ও মতামতের ভিত্তিতে নতুন এই সংগঠনের নাম চূড়ান্ত করা হয়। এর পরপরই ফাউন্ডেশনের ভবিষ্যৎ লক্ষ্য, উদ্দেশ্য, পরিচালনা কাঠামো এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি ড. আমানুল্লাহ আমান সংগঠনের মূল দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে দীর্ঘমেয়াদি অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশনের সভাপতি ড. আমানুল্লাহ আমান জানান, “ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশন সম্পূর্ণ একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এলাকার তথা সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা।”
আলোচনা সভার দ্বিতীয় পর্বে ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানবকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ঢাকাস্থ ধূমালীবাড়ীবাসীর মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপস্থিত সদস্যরা সংগঠনটির সামাজিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী করতে ভবিষ্যতে সম্মিলিত ও সুসংগঠিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে বকশীগঞ্জের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি নতুন দিগন্তের উন্মোচন হবে।